শেয়ারবাজারের পিই রেশিও কমেছে
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ১৯:৪৯
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই) ৩ দশমিক ৫৫ শতাংশ কমেছে। ডিএসই’র তথ্য অনুযায়ী বর্তমান গড় পিই রেশিও ১৩ দশমিক ৮৪। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১৪ দশমিক ৩৫। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে গড় পিই রেশিও (শতাংশীয় পয়েন্টে) কমেছে ০.৫১।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমায় বাজারে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। তাদের মতে, বাজারে দীর্ঘদিন ধরেই পিই রেশিও ১৫ এর নিচে অবস্থান করছে। যতদিন পর্যন্ত পিই রেশিও ১৫’র নিচে থাকবে ততোদিন পর্যন্ত বাজারে বিনিয়োগ নিরাপদ।
গড় পিই রেশিও কমার কারণ সম্পর্কে কথা বলে জানা গেছে, স্বল্প মূলধনী কোম্পানিগুলোর দর কমার কারণে সার্বিক পিই কমেছে। কারণ সার্বিক বাজারের গতি প্রভাবিত হচ্ছে স্বল্পমূলধনী কোম্পানিগুলোর শেয়ারকে কেন্দ করে। তাছাড়া গত সপ্তায় বেশিরভাগ কার্যদিবসে লেনদেন শেষ হয়েছে সূচক কমার মধ্য দিয়ে। অর্থাত্ দর পতনের ফলেই পিই রেশিও কমেছে। এদিকে বাজারের গড় পিই রেশিও ১৩ এর ঘরে থাকলেও কিছু কিছু কোম্পানির পিই রেশিও একশোর ঘরও পেরিয়ে গেছে। এসব কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে সতর্ক থাকতে হবে। কারণ এসব কোম্পানিতে বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। এদিকে কিছু কোম্পানির ক্ষেত্রে পিই রেশিও ১০ এর নিচেও রয়েছে।