ট্যানারি স্থানান্তরের লক্ষ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২১:০৬
২০১৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে হাজারিবাগের ট্যানারি সাভার চামড়া শিল্পনগরিতে স্থানান্তরের লক্ষ্যে গতকাল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলইএ) ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এর মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দ্য এশিয়া ফাউন্ডেশন এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব ইকোনোমিক মডেলিং যৌথভাবে রাজধানীর একটি হোটেলে এ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে। বিসিকের পরিচালক পতিত পাবন বৈদ্য, বিএফএলএলএফইএ’র চেয়ারম্যান মো. বেলাল হোসেন এবং বিটিএ’র চেয়ারম্যান মো. শাহীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জিএম জয়নাল আবেদীন ভুঁইয়া, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিসিকের সাভার চামড়া শিল্পনগরি প্রকল্পের পরিচালক আনিসুল হক ভুঁইয়াসহ ট্যানারি শিল্প উদ্যোক্তা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা হাজারিবাগ থেকে স্থানান্তর করা ট্যানারিগুলো সাভারে চালু করতে ক্ষতিপূরণ বাবদ নির্ধারিত আড়াইশ’ কোটি টাকা দ্রুত ছাড়ের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা ট্যানারি মালিকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং হাজারিবাগের ট্যানারির বিপরীতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ও মটগেজ সাভার চামড়া শিল্পনগরির অনুকূলে ইস্যুর দাবি জানান। এর পাশাপাশি তারা সাভারের চামড়া শিল্পনগরিতে ট্যানারি শ্রমিক পরিবারের জন্য প্রয়োজনীয় আবাসন, চিকিত্সা ও শিক্ষা সেবা নিশ্চিত করার তাগিদ দেন।