এবারের বাটেক্সপোয় প্রত্যাশিত অর্ডার মেলেনি

তৈরি পোশাকের বড় প্রদর্শনী বাটেক্সপো (বাংলাদেশ অ্যাপারেল এন্ড টেক্সটাইল এক্সপোজিশন) শেষ হয়েছে গত ১২ অক্টোবর। গত কয়েক বছর ধরেই বাটেক্সপোতে ক্রেতা ও অর্ডারের পরিমান ধারবাহিকভাবে বাড়ছিল। তবে ক্রমবর্ধমান অগ্রযাত্রায় ছেদ পড়েছে এবার। এবার ক্রেতা, ক্রেতা প্রতিনিধি, আর অর্ডার - কোনটিই লক্ষ্য পূরণ করতে পারে নি। অবশ্য রাজনৈতিক অস্থিরতার ডামাডোল আর ঈদ ও পূজার আগে আয়োজন হওয়া এই প্রদর্শনী মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারাকে বড় সাফল্য মনে করছে আয়োজক বিজিএমইএ। এবার বাটেক্সপোতে ক্রেতা ও ক্রেতা প্রতিনিধির সংখ্যা ছিল যথাক্রমে ১৩৬ জন ও ২ হাজার ৫৫৬ জন। আর গত বছর এই সংখ্যা ছিল যথাক্রমে ১৫৬ জন ও ২ হাজার ৮৪৬ জন। এবার মেলায় স্পট অর্ডার স্টক লক অর্ডারের পরিমান ছিল ৫ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। আর গতবার এর পরিমান ছিল ৬ কোটি ১৭ লাখ ডলার। অবশ্য গতবারের তুলনায় এবারের বাটেক্সপোয় দর্শনার্থীর সংখ্যা বেশি ছিল। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য থাকেন বিদেশী ক্রেতা (বায়ার) ও তাদের প্রতিনিধি। তারা বাটেক্সপোর মাধ্যমে এ দেশের গার্মেন্টস পণ্য সম্পর্কে জানতে পারেন। এখানে অনেকে তাত্ক্ষণিক (স্পট) অর্ডারও দিয়ে থাকেন।