বাংলাদেশের গার্মেন্টস খাতের পরিদর্শনে আরো একধাপ
এগিয়েছে ইউরোপ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ১৯:৫৯
বাংলাদেশের গার্মেন্টস খাতের নিরাপত্তায় ইউরোপীয় ইউনিয়নের ব্র্যান্ডদের সমন্বয়ে গঠিত অ্যাকর্ড প্রধান নিরাপত্তা পরিদর্শকের নাম ঘোষনা করেছে। তার নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত আরো কয়েকজনের নাম ঘোষনা করা হয়েছে। ব্র্যাড লিওয়েনকে প্রধান নিরাপত্তা পরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপারেশন্সসের নির্বাহী পরিচালক হিসেবে অ্যালান রবার্ট ও বাংলাদেশ বিষয়াবলী দেখভালের জন্য নির্বাহী পরিচালক হিসেবে রব ওয়েস এর নাম ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার অ্যাকর্ড অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ এর অন্তর্বর্তকালীন নির্বাহী পরিচালক সিন অ্যানসেট এই নাম ঘোষণা করেন। এই তিনজন আগামী সাত সপ্তাহের মধ্যে তাদের কার্যক্রম শুরু করবেন।
গত নভেম্বরে সাভারের রানা প্লাজা ধসের প্রায় ১ হাজার ২শ’ শ্রমিকের প্রাণহানির ঘটনার পর বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর জেরে বাংলাদেশের গার্মেন্টস কারখানার অগ্নি ও ভবন নিরাপত্তা ব্যবস্থা সঠিক মানে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় ক্রেতাদের সমন্বয়ে অ্যাকর্ড গঠিত হয়। বর্তমানে এই উদ্যোগে স্বাক্ষর করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৯০টি ব্র্যান্ড। এসব ব্র্যান্ড বংলাদেশ গার্মেন্টস কিনে থাকে। আন্তর্জাতিক শ্রমিক অধিকার সংগঠন ‘ইন্ডস্ট্রিঅল’ গ্লোবাল ইউনিয়নের উদ্যোগে গঠিত এই অ্যাকর্ড আগামী ১ বছরের মধ্যে প্রায় ১ হাজার ৮শ’ কারখানা পরিদর্শন ও এগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবে। আর ৫ বছরে এসব কারখানার উন্নয়নে কাজ করে যাবে। এর পাশাপাশি একই উদ্দেশ্যে উত্তর আমেরিকার ক্রেতাদের সমন্বয়ে অ্যালায়েন্স নামে আলাদা একটি জোট গঠিত হয়েছে। ওই জোটে বিশ্বখ্যাত ব্র্যান্ড ওয়ালমার্টসহ ২০টি ক্রেতা প্রতিষ্ঠান রয়েছে।