এবারও দেশে তুলা চাষের
লক্ষ্যমাত্রা অর্জন হয়নি
বিমল সাহা, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ১৯:৩৬
চলতি মৌসুমেও (২০১৩-২০১৪) দেশে তুলা চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। প্রতি বছরই তুলার চাহিদা বাড়ছে। দেশে বর্তমানে তুলার বার্ষিক চাহিদা ৪২ লাখ বেল। আর দেশে উত্পাদিত তুলায় চাহিদার মাত্র শতকরা ৩ ভাগ পূরণ হয়। বাকি ৯৭ ভাগ তুলার চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।
তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, এবার যশোর জোনে সমভূমির তুলা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার হেক্টরে। চাষ হয়েছে দুই হাজার ৮শ’ হেক্টরে। ঝিনাইদহ জোনে তুলা চাষের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৫ হাজার হেক্টরে। চাষ হয়েছে ৪ হাজার ১৫ হেক্টরে। চুয়াডাঙ্গা জোনে চাষের লক্ষ্যমাত্রা সাড়ে ৫ হাজার হেক্টরের স্থলে ৪ হাজার দুইশ’ ৯০ হেক্টরে চাষ হয়েছে। কুষ্টিয়া জোনে চাষের লক্ষ্যমাত্রা সাড়ে ৫ হাজার হেক্টরের স্থলে চাষ হয়েছে ৪ হাজার ১১৫ হেক্টরে। রাজশাহী জোনে তুলা চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৩শ’ হেক্টরে, চাষ হয়েছে ১৬শ’ ১০ হেক্টরে। বগুড়া জোনে চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৮শ’ হেক্টরে, চাষ হয়েছে ১২শ’ ৬০ হেক্টরে। রংপুর জোনে চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৫শ’ হেক্টরে, চাষ হয়েছে ১৮শ’ হেক্টরে। ঠাকুরগাঁও জোনে চাষের লক্ষ্যমাত্রা ছিল ২২শ’ হেক্টর, চাষ হয়েছে ১৪শ’ ৯৬ হেক্টরে। ঢাকা জোনে চাষের লক্ষ্যমাত্রা ১৮শ’ হেক্টরের স্থালে ১২শ’ ২৪ হেক্টরে তুলা চাষ হয়েছে। ময়মনসিংহ জোনে তুলা চাষের লক্ষ্যমাত্রা ২৫শ’ হেক্টরের স্থলে ১৭শ’ ২৫ হেক্টরে চাষ হয়েছে।
তিন পাহাড়ি জেলায় সমভূমির তুলা চাষ লক্ষ্যমাত্রা ছিল ৯শ’ হেক্টরে। চাষ হয়েছে ৫শ’ ১০ হেক্টরে। এ তিন জেলায় পাহাড়ি জাতের তুলা চাষের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ১৭ হাজার হেক্টর, চাষ হয়েছে ১৬ হাজার ৬শ’ ৪৩ হেক্টরে। চলতি মৌসুমে এক লাখ ৮৮ হাজার ৯শ’ ২৮ বেল সমভূমির এবং ১৬ হাজার একশ’ ৬৪ বেল পাহাড়ি জাতের তুলার উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
গত বছর (২০১২ -২০১৩) ২৪ হাজার সমভূমির এবং ১৫ হাজার ৭শ’ ৫৬ হেক্টরে পাহাড়ি জাতের তুলা চাষ হয়েছিল। আর তুলা উত্পাদন হয়েছিল এক লাখ ২৮ হাজার ৯শ’ ৩১ বেল। গত বছর তুলার দর পতনের কারণে চাষি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ কারণে অনেক চাষি এবার তুলা চাষ কম করেছে। তুলা উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. আকতারুজ্জামান জানান, বরেন্দ্র এলাকাতে তুলা চাষের কর্মসূচি নেয়া হয়েছে। আম বাগানের ভিতর তুলা চাষ করা হচ্ছে। এ ছাড়াও বরিশাল ও ঝালকাঠি জেলাতে তুলা চাষ সমপ্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।