ব্যাংক ও বস্ত্র খাত ঘিরে শেয়ারবাজারের লেনদেন

দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতের শেয়ারে তেমন কোনো ইতিবাচক ধারা না দেখা গেলেও গতকাল রবিবার বস্ত্র খাতের পাশাপাশি এ খাতেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেন হওয়া প্রায় সবগুলো ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। লেনদেনেও ছিল এগিয়ে। গতকাল ব্যাংকিং খাতের শেয়ারের লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮৫ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। তবে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল বস্ত্র খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন হয়েছে ৭২ কোটি ৮৬ লাখ। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৯ শতাংশ। অর্থাত্ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে এ দুই খাত ঘিরে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ১০৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৯ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৯ কোটি ৫৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৭টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের। এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এমআই সিমেন্টের পর্ষদ ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১০ নভেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৪৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৭ দশমিক ৬৭ টাকা। ওসমানিয়া গ্লাস শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। রেকর্ড ডেট ৭ নভেম্বর। কোম্পানির ইপিএস ৩ দশমিক ৮০ টাকা এবং এনএভি হয়েছে ২৯ দশমিক ৯২ টাকা। ন্যাশনাল পলিমার শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। রেকর্ড ডেট আগামী ৬ নভেম্বর। কোম্পানির ইপিএস ২ দশমিক ৭৩ টাকা। ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৫ নভেম্বর। বছর শেষে কোম্পানির ইপিএস হয়েছে ২ দশমিক ৬৯ টাকা এবং এনএভি হয়েছে ৩৫ দশমিক ৯৬ টাকা।