নখের যত্নে
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ১৮:২৭
শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের মতো নখও কম গুরুত্বপূর্ণ নয়। নখের যত্নে তাই অবহেলা করা উচিত নয়। হলদেটে, অমসৃণ নখ কী কারও দেখতে ভালো লাগে! সুন্দর নখ পেতে দরকার নিয়মিত পরিচর্যার। নখের যত্নে কড়চার বিশেষ পরামর্শমূলক এ
আয়োজনে লিখেছেন সাইফুল ইসলাম জুয়েল
ত্বক ও চুলের যত্ন আমরা প্রায় প্রত্যেকেই নিই। কিন্তু আলাদা করে নখের যত্ন নেওয়ার কথা অনেকেরই মনে থাকে না। শুধু কিছুদিন অন্তর নেল পলিশ বদলানো অথবা মাসে একবার ম্যানিকিওর করলেই নখের পুরো যত্ন নেওয়া হয়, তা ঠিক নয়। আবার নখের যত্ন মানে বিস্তর ঝামেলা বা খরচ, তাও কিন্তু নয়। বাড়িতে খুব সহজেই নখের যত্ন নিতে পারেন। আসুন দেখে নিই বাড়িতে কীভাবে নখের যত্ন নেবেন।
বাড়িতে ম্যানিকিওর করার পদ্ধতি
প্রথমে কটন বলে রিমুভার লাগিয়ে নেল পলিশ রিমুভ করুন। নখের কোণের দিকে নেল পলিশ উঠতে না চাইলে পেপার টাওয়েল দিয়ে মুছে নিন। এবার নেল কাটার দিয়ে নখ ওভাল, স্কোয়ার, রাউন্ড ইত্যাদি শেপে নিজের পছন্দ মতো কেটে নিন। এবার নখ ফাইল করার পালা। নখ ফাইল করার জন্য এমেরি বোর্ড বা নেল কাটারের উলটো দিক ব্যবহার করতে পারেন। নখের কোণ থেকে মাঝখানে নেল ফাইল করুন। এরপর ঈষদষ্ণু গরম পানিতে কিছুক্ষণ হাত ভিজিয়ে রাখুন। এতে কিউটিকলস নরম হবে। হালকা নরম ব্রাশ দিয়ে একবার নখ ও হাত ঘষে নিতে পারেন। কিছুক্ষণ পর পানি থেকে হাত তুলে নিয়ে শুকনো তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিন। কিউটিকলে রিমুভার লাগান। তারপর অরেঞ্জ স্টিক বা কিউটিকল পুশার দিয়ে কিউটিকল পুশ করুন। হ্যান্ড লোশন দিয়ে হাতের কব্জি থেকে আঙুলের দিকে ম্যাসাজ করুন। এবার নেলপলিশ লাগানোর পালা। সবশেষে নখের বেস কোট লাগিয়ে তার উপর এককোট নেলপলিশ লাগান। শুকিয়ে গেলে আরও এককোট নেলপলিশ লাগিয়ে নিন। সবশেষে গ্লস লাগিয়ে নিন। এতে নখ ভালো থাকবে।
নখের সমস্যার সমাধান
ভঙ্গুর নখের জন্য
নখ সহজে ভেঙে গেলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব দেখা দিয়েছে। এর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন সাপ্লিমেন্ট খেতে পারেন। ১/৪ কাপ অলিভ অয়েল হালকা গরম করে নিন। এর সঙ্গে ১/২ কাপ বিয়ার ও ১/৪ কাপ অ্যাপেল সিডার ভিনিগার ভালো করে মিশিয়ে নিন। এতে ১০-১৫ মিনিট হাত ঢুবিয়ে রাখুন। জিলেটিন নকের পক্ষে খুব ভালো। ঈষদষ্ণু গরম পানিতে এক টেবিল চামচ জিলেটিন মিশিয়ে নিন। ঠাণ্ডা হলে যে কোনো ফলের রসের সঙ্গে মিশিয়ে খান। পরপর দশদিন এ পদ্ধতি মেনে চললে আশা করি উপকার পাবেন।
নখে হলদেটে ভাব থাকলে
অনেক সময় আমরা ভাবি, দীর্ঘসময় নেলপালিশ পরে থাকলে নখের ক্ষতি হয়, নখ হলুদ হয়ে যায়। হ্যাঁ, কথাটা ঠিকই। তবে মূলত, ফাংগাল ইনফেকশনের জন্যই এ রকম হয়। প্রতিদিন পাতিলেবু অর্ধেক করে কেটে নিয়ে নখে ঘষুন। এতে হলদে ভাব কেটে যাবে। ভিটামিন ই নখের জন্য খুব উপকারী। ভিটামিন ই-সম্মৃদ্ধ ক্যাপসুল নখের ওপর ভেঙে ম্যাসাজ করুন। এতে ব্ল্যাড সার্কুলেশন ভালো হয়। নখের দাগ থাকবে না, সঙ্গে নখ মজবুতও হবে। এর পাশপাশি প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে নখে ও নখের চারপাশে অলিভ অয়েল লাগান।
ফাংগাল ইনফেকশন
বাতাসে, মাটিতে বা ধুলোময়লা থেকেই মূলত নখে ফাংগাল ইনফেকশন হয়। এক্ষেত্রে যথাযথ হাইজিন মেনটেন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নখে যদি আগে থাকতেই ইনফেকশন হয়ে থাকে তাহলে কখনই নেলপালিশ লাগাবেন না। এতে সমস্যা আরও বাড়বে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যালশিয়াম, ভিটামিন ডি, সাপ্লিমেন্ট বা অ্যান্টি ফাংগাল ওষুধও খেতে পারেন।
নখ ভালো রাখতে বিশেষ ডায়েট
নখের যত্নের সঙ্গে ডায়েটে সামান্য পরিমাণ রদবদল করুন। প্রতিদিনের ডায়েটে যাতে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এ, বি, সি, ডি ও ই, ফলিক অ্যাসিড থাকে সেদিকে বিশেষ নজর দিন। বেশি করে ফল, সবুজ শাক-সবজি, সালাদ, অঙ্কুরিত ছোলা, দই, বাদাম, মাছ, ডিম, চিকেন খান।
যা করবেন না
অনেক নেল পলিশে ক্ষতিকারক টক্সিন থাকে। উপকরণ খুঁটিয়ে পড়ে কিনবেন। সব সময় ভালো ব্র্যান্ডের নেল পলিশ ও নেল পলিশ রিমুভার ব্যবহার করুন, কারণ, এতে অ্যাসিটোন কম থাকে। ফলে নখের ক্ষতি কম হয়। নখ ভঙ্গুর হলে নেল পলিশ ও বেস কোট এমন বাছুন যাতে নখ মজবুত করার উপকরণ রয়েছে। নেল পলিশ রিমুভার ঘনঘন ব্যবহার করবেন না। এতে নখ ও কিউটিকলস
শুকিয়ে যায়।
মডেল সুজানা