হরতালে বেড়েছে ডিএসই’র সূচক
চাঙ্গা বিশ্ব শেয়ারবাজারও
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ১৯:২৬
রাজনৈতিক অস্থিরতার মধ্যেও গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে সূচক বেড়েছে। বিশ্ব শেয়ারবাজারে বেশিরভাগ সূচক বাড়ার পাশাপাশি দেশের শেয়ারবাজারে লেনদেন বেড়েছে প্রায় ১২০ কোটি টাকা। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৪০ পয়েন্ট। বিশ্ব শেয়ারবাজার বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল আমেরিকা অঞ্চলের বেশিরভাগ শেয়ারবাজারের সূচক বেড়েছে। ডো-জোনস সূচক বেড়েছে ৬১ পয়েন্ট। নাসডাক সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। এসএন্ডপি ৫০০ সূচক বেড়েছে ৮ পয়েন্ট। এছাড়া এশিয়া, আফ্রিকা এবং ইউরোপেরও বেশিরভাগ সূচক ছিল ঊর্ধ্বমুখী। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১১৮ কোটি ৭১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানি ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ওষুধ ও রসায়ন খাতের লিবরা ইনফিউশন শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ নভেম্বর। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ২১ টাকা। বস্ত্র খাতের সায়হাম টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ নভেম্বর। প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২ দশমিক ১২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩০ দশমিক ৯২ টাকা। তথ্যপ্রযুক্তি খাতের বিডিকম অনলাইন শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর। প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১ দশমিক ৫৪ টাকা এবং এনএভি হয়েছে ১৫ দশমিক ৮৫ টাকা। এছাড়া বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ এবং ৮ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর। প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৪ দশমিক ১৬ টাকা এবং এনএভি হয়েছে ২৬ দশমিক ২৪ টাকা।