হরতালেও চাঙ্গা শেয়ারবাজার

বিএনপি-জামায়াতের ডাকা ৬০ ঘন্টার হরতালের তিনদিনই শেয়ারবাজারের সূচক বেড়েছে। অথচ এর আগে বেশ কয়েকদিন ধরেই বাজারে নেতিবাচক ধারা ছিল। কিন্তু হরতাল শুরু হওয়ার পর থেকেই বাজারে ইতিবাচক ধারা দেখা দেয়। এতে বাজারে কারো উদ্দেশ্যমূলক অংশগ্রহণ থাকতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এদিকে গতকাল মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে চারশ’ কোটি টাকার কাছাকাছি। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৭ লাখ ৬১ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২২ কোটি ৯৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তীত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের। এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। দেশ গার্মেন্টস ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৩ নভেম্বর। সমাপ্ত অর্থবছরের প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ০.৮৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১২ দশমিক ১২ টাকা। মেট্রো স্পিনিং ঘোষণা করেছে ১০ শতাংশ বোনাস শেয়ার। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৭ নভেম্বর। প্রতিষ্ঠানটির ইপিএস ০.৬২ টাকা এবং এনএভি হয়েছে ১৯ দশমিক ৪৮ টাকা। এএমসিএল (প্রাণ) শেয়ারে ৩১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১২ নভেম্বর। প্রতিষ্ঠানটির ইপিএস ৬ দশমিক ৮৫ টাকা এবং এনএভি হয়েছে ৫৭ দশমিক ১৪ টাকা। অলম্পিক ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২১ নভেম্বর। প্রতিষ্ঠানটির ইপিএস ৭ দশমিক ৮৫ টাকা এবং এনএভি হয়েছে ২২ দশমিক ১০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মিরাকল ইন্ডাস্ট্রিজ ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৯ নভেম্বর। প্রিমিয়ার সিমেন্ট ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১০ নভেম্বর। গোল্ডেন হার্ভেস্ট শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ নভেম্বর।