পাঁচ জেলায় স্থাপন করা
হচ্ছে বিএসটিআই’র
অফিস
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৩, ১৯:৪৬
শিল্প উদ্যোক্তাদের সুবিধার্থে বিএসটিআই’র অফিস জেলা পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও কক্সবাজার জেলায় বিএসটিআই’র অফিস-কাম-ল্যাবরেটরি প্রতিষ্ঠার কাজ চলছে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায় এর অফিস স্থাপন করা হবে। ৪৪তম বিশ্ব মান দিবস উপলক্ষে “আন্তর্জাতিক মান ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করে” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত মান ভবন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটউশন (বিএসটিআই) এ সভার আয়োজন করে। বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ড. হুমায়ুন কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।