শেয়ারবাজারের সূচক বাড়লেও কমেছে লেনদেন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২০:২৮
চলতি সপ্তায় টানা তিনদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়ার পর একদিন কমলেও গতকাল বৃহস্পতিবার ফের সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও আগের দিনের মতো গতকালও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এটি বাজারের স্বাভাবিক প্রক্রিয়া। বাজারে সূচকের ওঠানামা এমন হওয়াই ইতিবাচক। তবে লেনদেন কম হওয়ার বিষয়টি নিয়ে তারা কিছুটা উদ্বিগ্ন। বিশ্লেষকরা বলছেন, বাজারে ইতিবাচক ধারা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে লেনদেন ভালো হওয়া প্রয়োজন।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৩ কোটি ২৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রাইম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ২১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫৯ দশমিক ৩৪ টাকা। এছাড়া ডেফোডিল কম্পিউটার্স এবং বিডি অটোকারস পরিচালনা পর্ষদ নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডেফোডিল কম্পিউটার্সের ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১০টায়, ডিআইইউ অডিটোরিয়াম, চতুর্থ ফ্লোর, ৪/২, প্রিন্স প্লাজা, সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর আর বিডি অটোকারসের ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, বেলা ১১টায়, কোম্পানির রেজিস্টার্ড অফিস, ১১০ তেজগাঁও শিল্প এলাকা ঢাকায় অনুষ্ঠিত হবে।