অ র্থ নী তি র ন তু ন ব ই
তিন বিঘা জমি
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ১৯:১৪
সাম্প্রতিক সময়ের গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতের গতি প্রকৃতি নিয়ে গবেষণাধর্মী একটি বই ‘তিন বিঘা জমি’। বইটি লিখেছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল বায়েস ও সুপরিচিত ড. মাহবুব হোসেন। বইটিতে গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক মানুষের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে। যথাযথ তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান দিয়ে লেখক গ্রামীণ অর্থনীতির সাম্প্রতিক গতি প্রকৃতি বেশ জীবন্ত করে উপস্থাপন করেছেন। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অর্থনীতিতে কিভাবে প্রভাব পড়তে পারে এবং কিভাবে দেশের কৃষি খাত, মত্স্য খাত ও বনজ সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে সে আশঙ্কাও প্রতিভাত হয়েছে লেখায়। এ ঝুঁকি থেকে রক্ষায় সমাধানও দেয়া হয়েছে বইটিতে। আমার কাছে মনে হয়েছে, নীতি-নির্ধারকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে সর্বশেষ অধ্যায়ে। যেখানে গ্রামীণ অর্থনীতি উন্নয়ন ও কৃষি বিষয়ক বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় গবেষণালব্ধ বিভিন্ন ধরনের সুপারিশ করা হয়েছে। কৃষি জমির ব্যবহার, কৃষি বাজার, প্রযুক্তির ব্যবহার, কৃষি ঋণ সংক্রান্ত যেসব সুপারিশ বইটিতে করা হয়েছে তা অত্যন্ত যথার্থ, গ্রহণযোগ্য এবং সময় উপযোগী। সুপারিশগুলো বিবেচনা করে আমাদের নীতি-নির্ধারকরা সত্যিই কৃষি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে অগ্রগামী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। অর্থনীতি সংক্রান্ত বইগুলোতে সাধারণত এ বিষয়টি অনুপস্থিতই থাকে। সহজবোধ্য ও সহজপাঠ্য হওয়ায় পাঠকরা বইটি পড়ে গ্রামীণ অর্থনীতি, কৃষি ও খাদ্য বিবর্তন বৃত্তান্ত বুঝতে পারবেন সহজেই। অর্থনীতির ছাত্র ও গবেষকদের জন্য বইটি বেশ উপকারী হবে বলে আমার মনে হয়েছে। ৭০০ টাকা মূল্যের এ বইটির প্রকাশক এ এইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউজ।