স্টাইল

পায়ে পায়ে স্যান্ডেল

তরুণদের এ সময়ের ফ্যাশন এবং ট্রেন্ডের মধ্যে স্যান্ডেল একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। স্যান্ডেলের ধরনের কথা বলে শেষ করা যাবে না। তবু মোটাদাগের ব্যতিক্রম দেখে সেরা স্যান্ডেলটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা থেকে এ আয়োজন। ব্যান্ড, ননব্র্যান্ড কিংবা খোলা বাজার ঘুরলেই পেয়ে যাবেন মনের মতো স্যান্ডেল। এ নিয়ে এবারের আয়োজন। ফ্যাশনে দুই দিন না যেতেই পাল্টায় স্যান্ডেলের রং-ঢং। এটা যে সম্ভব হয়েছে স্যান্ডেল-সচেতন তরুণদের জন্যই, সে কথা বলার অপেক্ষা রাখে না। আর কোথায় নেই এই স্যান্ডেল। ক্লাস, ক্যাম্পাস, অফিস, বাড়ি, মার্কেট, ঘোরাঘুরি কিংবা আয়োজন—সবখানে স্যান্ডেল পরেই যাচ্ছে তরুণরা। এখনকার তরুণরা ফ্যাশন সচেতন তো বটেই, কিন্তু মনের মতো স্যান্ডেল খুঁজতে গিয়ে তাদের যে বাড়তি সতর্কতা, তাতে এ কথা বলাই যায়, তারা স্যান্ডেল সচেতন। স্যান্ডেল অনায়াসে পরা যায় সব ড্রেসের সঙ্গে। সে রকম করেই ডিজাইন করা হয়ে থাকে। আর তাই স্যান্ডেল পরে যাওয়া যায় যেকোনো জায়গায়। রকমফের : স্যান্ডেলের রকমফের বলে শেষ করা যাবে না। তবু মোটাদাগের বৈশিষ্ট্য ধরে কিছু কথা বলা যায়। যেমন—পায়ের গোড়ালিতে লেস পেঁচানো স্যান্ডেল, চিকন স্ট্র্যাপ দেওয়া গ্ল্যাডিয়েটর স্যান্ডেল, যার ফিতা গোড়ালির একটু ওপরে। পেছন দিকে চেন দেওয়া স্যান্ডেলগুলোও ব্যতিক্রম। আছে স্ট্র্যাপের ব্যবহারে উঁচু হিলের স্যান্ডেল, বিভিন্ন ধরনের প্রাণীর ছাপে তৈরি নকশা বা অ্যানিমেল প্রিন্টের স্যান্ডেল, দুই ফিতার স্যান্ডেল, রেক্সিনের ওপর পাথর অথবা বড় ধরনের ধাতব বোতাম বসানো, চামড়া, সিল্ক, সুতি বা ধুপিয়ান কাপড়ে তৈরি স্যান্ডেল, জরি, চুমকি, কুন্দনের কাজ করা স্যান্ডেল, বেণির মতো পাকানো ফিতার স্যান্ডেল। এই হচ্ছে মোটামুটি স্যান্ডেলের জনপ্রিয় রূপ। যেখানে পাবেন : এলিফ্যান্ট রোডে লেদার, আর্টিফিশিয়াল লেদারসহ বিভিন্ন ধরনের কাপড়ের তৈরি দেশি-বিদেশি স্যান্ডেল আছে এখানে। হিলের ক্ষেত্রে চার ইঞ্চি পর্যন্ত আছে। নেটের কাপড়ের ওপর বিভিন্ন ধরনের কাজ করা স্যান্ডেলও বেশ পাওয়া যাচ্ছে। হালকা কাজের অরিজিনাল ও আর্টিফিশিয়াল লেদারের স্যান্ডেলগুলোর দাম ৩৫০ থেকে এক হাজার ৫০০ টাকা। এ ছাড়া পাকিস্তান ও থাইল্যান্ড থেকে আনা বিভিন্ন ধরনের স্টোনের কাজ করা অল্প হিলের স্যান্ডেলগুলোর দাম ৬০০ থেকে দুই হাজার টাকা এবং চেন দেওয়া জুতাগুলোর দাম দুই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। বসুন্ধরা সিটিতে এখানে আছে রংবেরঙের পাথরখচিত, চুমকি, পুঁতির কাজ করা স্যান্ডেলের সমাহার। এ ছাড়া পেন্সিল হিল তো আছেই। দাম এক হাজার টাকা থেকে শুরু। অন্যান্য যেমন চাঁদনী চক, পলওয়েল মার্কেট, মৌচাক মার্কেটে পাথর, চুমকি ও পুঁতির ব্যবহার করা হয়েছে এমন স্যান্ডেল পাবেন। চাঁদনী চকের দোতলায় রয়েছে স্যান্ডেলের বিপুল সমাহার। এ ছাড়া রাপা প্লাজা, মেট্রো শপিং মল, সানরাইজ প্লাজা, ইস্টার্ন প্লাজাসহ সব মার্কেটেই পছন্দসই স্যান্ডেল কিনতে পারবেন। গুলিস্তান, মতিঝিল, দিলকুশা, ফার্মগেট, সায়েন্স ল্যাব, মিরপুর-১, যাত্রাবাড়ী এলাকায়ও পাবেন স্যান্ডেল। বিশাল সেন্টার, দ্য গ্র্যান্ড প্লাজা, টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স্, পলওয়েল, রাপা প্লাজা, কর্ণফুলী গার্ডেন সিটি, পীর ইয়ামেনী মার্কেট, রাইফেলস স্কয়ার, মিরপুর-১ নম্বর কো-অপারেটিভ মার্কেট, শাহ আলী মার্কেটে বিভিন্ন রঙের বড় বড় পাথর বসানো চুমকি, পুঁতির কাজ করা স্যান্ডেল পাবেন। বেছে নিন পছন্দমতো : পায়ের পাতার আকৃতির সঙ্গে মিলিয়ে স্যান্ডেল নিন। স্যান্ডেল নির্বাচনে ফ্যাশনের আগে আরামকেই প্রাধান্য দিন। মডেল আসাদ, ছবি সাফাওয়াত খান সাফু