প্রজন্ম আয়োজন
গতিশক্তি এবং জীবন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২০:০৫
আলোকচিত্র শিল্পী গাজী নাফিস আহমেদ মূলত একজন ডকুমেন্টারি ফটোগ্রাফার। আগামী ৬ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আয়োজিত হতে যাচ্ছে তার একক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীটি উদ্বোধন হবে ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এরই ধারাবাহিকতায় তার কাজের এক প্রতিরূপ পাওয়া যাবে এই প্রদর্শনীতে। প্রদর্শনীর নামকরণ করা হয়েছে কাইনেটিক বা গতিশক্তি শিরোনামে। মূলত পদার্থবিদ্যার তত্ত্ব মতে নানা অণু-পরমাণুর পারস্পরিক ঘর্ষণ, চাপ ইত্যাদির কারণে এক আবদ্ধ স্থানে নানা পারিপার্শ্বিক অবস্থা, যেমন—তাপ, আয়তন, সান্দ্রতা ইত্যাদির উপর প্রভাব পড়ে। তেমনি আলোকচিত্রী আমাদের মানবসমাজ বা পরিবেশের নানা উপকরণের পারস্পরিক সম্পর্ক, আবেগ, ক্ষয় ইত্যাদিকে পদার্থবিদ্যার গতিশক্তির সাথে তুলনা করেছেন। পদার্থবিদ্যার এই তাত্ত্বিক রূপকে মানবীয় আচরণের মাধ্যমে বাস্তবের সাথে এক অমোঘ বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়েছেন আলোকচিত্রী।
আলোকচিত্রী নাফিস লন্ডনের গুইল্ডহল বিশ্ববিদ্যালয় থেকে আর্টি এবং ডিজাইনে কোর্স করেছেন। তখনই আলোকচিত্রের প্রতি আকর্ষণ অনুভব করেছেন। পরবর্তীতে ঢাকাস্থ ফটোগ্রাফির স্কুল পাঠশালা থেকে বিএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি সমসাময়িক নানা বিষয় নিয়ে কাজ করছেন। চলমান প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী স্থান :ইএমকে সেন্টার, ১০ম তলা, মাইডাস সেন্টার, বাসা নম্বর-৫, রোড-১৬ (নতুন), ২৭ ধানমন্ডি (পুরাতন), ঢাকা।