ফ্যাশনে স্কার্ফ

মূল ফিচার ঋতু হিসেবে হেমন্ত বিরাজ করছে চারিদিকে। ভোরের কিছুটা ঠাণ্ডা হাওয়া বলে দেয় শীত আসছে কয়েকদিন পর। আর শীত মানে ফ্যাশনেবল পোশাকের বাহার। তাই এ সময় বিশেষ করে তরুণ-তরুণীরা ব্যস্ত হয়ে পড়েছে তাদের পছন্দের স্টাইলিশ পোশাক ও অনুষঙ্গ বাছাই করতে। এখন ফ্যাশনেবল পোশাকের সাথে বাহারি ডিজাইনের স্কার্ফ আলাদা জায়গা করে নিয়েছে সবার মনে। আর তাই নানা রঙের স্কার্ফ নিয়ে এবারের আয়োজন। লিখেছেন খালেদ আহমেদ সময়ের ধারায় পাশ্চাত্য ফ্যাশনের অনুষঙ্গ স্কার্ফ বর্তমানে আমাদের তরুণ-তরুণীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। শীতের শুরু থেকেই তাদের গলায় শোভা পায় স্কয়ার আকৃতির কাপড়ের ওপর বিভিন্ন ডিজাইনের সংমিশ্রণে তৈরি করা স্কার্ফ। এটি পরার সময় তারা ত্রিভুজ আকারে ফোল্ডিং করে দুই প্রান্ত ধরে মুড়িয়ে নিয়ে গলায় পেঁচিয়ে রাখে। আবার কেউ কেউ ফোল্ডিং করে মাথায় হুড আকারে, চুলের সঙ্গে পেঁচিয়ে, হাতে বেঁধে পরে। অনেকে আবার হাতে পেঁচিয়েও স্কার্ফ ব্যবহার করেন। অবশ্য এখন স্কার্ফের সাইজে এসেছে ব্যাপক পরিবর্তন। এই তো কিছুদিন আগেও দেখা যেত অনেক ছোট আকৃতির স্কার্ফ। তবে বর্তমানে স্কার্ফগুলো আকৃতিতে একটু বেড়েছে। ওড়নার আদলে তৈরি করে স্কার্ফগুলোকে দৈর্ঘ্য-প্রস্থে কিছুটা কমানো হয়েছে। যে কেউ বিনা দ্বিধায় এসব ওড়না ব্যবহার করতে পারেন। স্কার্ফ এমনই এক ফ্যাশন অনুষঙ্গ যা স্থান-কালের বাধা মানে না কোনোভাবেই। তবে থাকতে হবে কেবল পরার ইচ্ছা। সব ধরনের পোশাকের সঙ্গেই আলাদা মাত্রা যোগ করে স্কার্ফ। মেয়েদের পাশাপাশি স্কার্ফ ফ্যাশনে পিছিয়ে নেই ছেলেরাও। ছেলেদের স্কার্ফ ফ্যাশনটা আসে মূলত বলিউড নায়কদের হাত ধরেই। তাই আমাদের তরুণরা শার্টের বোতাম খুলে রেখে জড়িয়ে নিচ্ছেন স্কার্ফ। কখনও সালমান খানের মতো, কখনোবা ঋত্বিক রোশন বা তামিল নায়কদের মতো। কেউবা আবার হাতেও পেঁচিয়ে নিচ্ছেন স্কার্ফ। বর্তমানে বাজারে হরেকরকম ডিজাইনের স্কার্ফ পাওয়া যাচ্ছে। কতগুলো ছোট ছোট সাইজের আবার কতগুলো একটু বড় সাইজের। তবে কখনই স্কার্ফ ওড়নার সমান হবে না। আমাদের দেশে পোশাক-আশাকে সব সময় ভিন্নমাত্রা যোগ করে দেশীয় ফ্যাশন হাউসগুলো। বর্তমানে বেশকিছু ফ্যাশন হাউস স্কার্ফ তৈরি করছে। আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো বাজারে যেসব স্কার্ফ এনেছে সেগুলো একটু মোটা ধরনের। দেশীয় ফ্যাশন হাউস ছাড়াও দেশের বিভিন্ন বড় বড় শপিংমল যেমন—বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ইস্টার্ন প্লাজা, রাইফেলস স্কয়ারে গেলে দেখা যাবে যে, ডামিগুলোতে হিপহপ পোশাকের সঙ্গে স্কার্ফ পরিয়ে রাখা হয়েছে। যা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এসব স্কার্ফে কাপড় হিসেবে ব্যবহার করা হয় হাফ সিল্ক, কটন ইত্যাদি। স্কার্ফগুলোতে ভিন্নতা আনতে নানা সাইজের পাশাপাশি চুমকির কাজও রয়েছে। ফিলিস্তিনি স্কার্ফের আদলে স্ট্রাইপের মধ্যে কটন কাপড়ের ডাবল লেয়ার স্কার্ফ পাওয়া যাচ্ছে। যেটির দৈর্ঘ্যটা একটু বড় রাখা হয়েছে, বিভিন্ন স্টাইলে পরার সুবিধার্থে। স্কার্ফগুলোর মধ্যে উইভিং ম্যাকানিজমে এমব্রয়ডারি সিস্টেমে রয়েছে কিছু, যার উইভ চওড়া এবং চিকনও আছে, সলিড কালার ও মাল্টি কালারের মধ্যে পাওয়া যাবে এগুলো। বিভিন্ন রঙে রঙিন কিছু পাতলা জর্জেটের স্কার্ফও পাওয়া যাচ্ছে। বিভিন্ন ফ্যাশন হাউসে স্কার্ফগুলো পাওয়া যাবে ২ শ থেকে ২ হাজার টাকার মধ্যে। আর শপিংমলের স্কার্ফগুলো পাওয়া যাবে ৫ শ থেকে দেড় হাজার টাকার মধ্যে। তবে নিউমার্কেট, গাউছিয়া, বঙ্গবাজারে স্কার্ফ পাবেন ৩ শ টাকার মধ্যেই। তবে মনে রাখতে হবে, আপনি যখন স্কার্ফ পরবেন তখন তার রং যেন পোশাকের সাথে কিছুটা হলে ম্যাচ করে।