অক্টোবরে রেমিট্যান্স কিছুটা বেড়েছে

চলতি অর্থবছরের আগষ্ট ও সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ ব্যাপকহারে কমে যাওয়ার পর গত অক্টোবরে সে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। অক্টোবর মাসে দেশে ১২৩ কোটি ৪৭ লাখ টাকার রেমিট্যান্স এসেছে। আগস্টে যার পরিমাণ ছিল ১০০ কোটি এবং সেপ্টেম্বরে ছিল ১০২ কোটি মার্কিন ডলার। গত মাসে ঈদ-উল-আযহা থাকায় প্রবাসীরা অন্যান্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বলে বলছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, অক্টোবর মাসে আসা রেমিট্যান্সের মধ্যে ৩৮ কোটি ২১ লাখ মার্কিন ডলার এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক এবং এক কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে রাষ্ট্রীয় মালিকানার বিশেষায়িত দু’টি ব্যাংকের মাধ্যমে। আর বেসরকারি ২৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৮২ কোটি ৪৯ লাখ ডলার এবং বিদেশি নয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে এক কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স। গত অর্থবছরে (জুলাই-জুন) প্রবাসীরা মোট এক হাজার ৪৪৬ কোটি পাঁচ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে। অর্থাত্ প্রতিমাসে গড়ে ১২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যদিও গত বছরের অক্টোবর মাসে অর্থবছরের সর্বোচ্চ ১৪৫ কোটি ডলার এসেছিল। আর গত অর্থবছরের আগস্টে রেমিট্যান্স ১১৭ কোটি ৮৬ লাখ ডলারের। আর চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ কমতে শুরু করে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, টাকার বিপরীতের ডলারের চাঙ্গাভাবের কারণে গত অর্থবছরের প্রথম থেকেই প্রবাসীরা বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ডলারের দাম কমে যাওয়ায় কম পরিমাণে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়া বর্তমান রাজনৈতিক অস্থিরতায় দেশে বিনিয়োগের পরিবেশ অনুকূল না থাকায় অর্থ পাঠানো কমিয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন। দিন যত যাচ্ছে ক্রমেই কমছে রেমিট্যান্সের পরিমাণ। তবে গত মাসে ঈদ-উল-আযহা থাকায় আগের দু’মাসের তুলনায় কিছুটা বেড়েছে।