হরতালের শেষ দিনও শেয়ারবাজারের সূচক বেড়েছে

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা তিন দিনের হরতালের শেষ দিনও শেয়ারবাজারের সূচক বেড়েছে। গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ২১ পয়েন্ট। এর আগের দুইদিনও সূচক ছিল ঊর্ধ্বমুখী ধারায়। এ নিয়ে টানা চার কর্মদিবস সূচক বাড়ছে। এদিকে দীর্ঘদিন পর বাজারের লেনদেনে ব্যাংকিং খাতের অবদান শীর্ষস্থান দখল করে নিচ্ছে। মঙ্গলবার বাজারের মোট লেনদেনের প্রায় ২০ শতাংশ ছিল এ খাতের অবদান। আর গতকাল বুধবার এ খাতে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৭ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৪ ভাগ। এরপরই ছিল বস্ত্র খাতের অবদান। এ খাতে লেনদেন হয়েছে ৬০ কোটি টাকা। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১১১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ১৯ লাখ ১৩ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। এদিকে মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৩৬২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আইন ভঙ্গ করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এক স্টক ব্রোকারকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সভার সিদ্ধান্ত সম্বলিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার অ্যাসেট ম্যানেজমেন্ট এর আবেদনের প্রেক্ষিতে সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ট্রাস্ট ডিড অনুমোদন দেয়া হয়। এরপর ফান্ডটির নিবন্ধন সনদ করা হয়। কিন্তু তিন মাসের মধ্যে তাদের আইপিও’র জন্য খসড়া প্রসপেক্টাস জমা দেয়নি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটি। এরপর সময় বাড়ানোর আবেদন করেও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসপেক্টাস জমা দেয়া হয়নি। ফলে সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাতিষ্ঠানিক কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এ শেয়ার ইস্যু করা হবে। কৌশলগত বিনিয়োগকারীদের সাথে আলোচনা করে এর দর নির্ধারণ করা হবে। এ শেয়ার ছাড়ার ফলে পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হবে। কোম্পানির উত্পাদন ক্ষমতা বৃদ্ধিতে এসব শেয়ার বিক্রির অর্থ ব্যবহার করবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বিএসইসি এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যু করা হবে। এজন্য প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১০ ডিসেম্বর, সকাল ১০টায়, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে।