পুষ্টিবিদ
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ১৯:৫৩
আবু বকর সিদ্দিক
ব্যবস্থাপনা পরিচালক,
ডায়েট সলিউশন বাংলাদেশ লিমিটেড
শরীরটাকে ভালো রাখতে প্রথমেই যা দরকার তা হচ্ছে শরীরে পুষ্টিমান বজায় রাখা। আর এ ক্ষেত্রে একজন পুষ্টিবিদই পারেন আপনার শরীরের সুষম পুষ্টির সমন্বয় ঘটাতে। জীবনের তাগিদেই একজন পুষ্টিবিদ হতে পারে সবচেয়ে বড় পরামর্শক। এ কারণেই এ পেশার প্রতি নতুন প্রজন্মের দারুণ আগ্রহ রয়েছে। তাই এই পেশা নিয়ে প্রজন্মের সফল একজন পুষ্টিবিদের কাছে জানতে চাইব এই পেশায় সফল হতে তার পরামর্শ।
‘চিকিত্সকদের পাশাপাশি রোগ নিরাময় ও প্রতিরোধে একজন পুষ্টিবিদের ভূমিকা অনেক, এই জিনিসটা এখন সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে, এটাই বা মন্দ কি! আর তাই পেশা হিসেবেও দিনকে দিন কদর বাড়ছে পুষ্টিবিদের। আমাদের শুরুর সময়টাতে মানুষকে বিষয়টা বোঝাতেও কষ্ট হতো, কিন্তু পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে’, এই পেশা নিয়ে শুরুতেই এমন ভাবনার কথা জানান ডায়েট সলিউশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক। আবু বকররা এই দিক দিয়ে ভাগ্যবান যে, দেশে পুষ্টিবিদদের নিয়ে ক্লিনিক্যাল কাজ অথবা নিজস্ব প্র্যাকটিসের ধারণাটি তাদের সময় থেকেই শুরু হয়েছে। এই পেশায় সফল হতে আগ্রহীদের জন্য তিনি পরামর্শে বলেন, ‘প্রথমেই নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। মনে রাখতে হবে এই পেশার মাধ্যমে সব মানুষের কাছে পৌঁছানো সম্ভব। কারণ এটি একটি সেবামূলক পেশা। মানুষের মাঝে পুষ্টি-সচেতনতা তৈরি একজন পুষ্টিবিদের কাজ। নতুন যারা পুষ্টিবিজ্ঞানে পড়ছে অথবা এই ক্ষেত্রে কাজ করতে চান তাদেরকে বলছি, পড়াশোনার সময় থেকেই ঠিক করে নিতে হবে কে কোন ক্ষেত্রে কাজ করতে চান, সে বিষয়েই বেশি গুরুত্ব দিন। কেউ ইচ্ছে করলে বহুজাতিক প্রতিষ্ঠানে যেতে পারেন, কেউবা এনজিওতে কেউ আবার আগ্রহী থাকতে পারে ক্লিনিক্যাল কাজে। মূল কথা হলো আগ্রহের বিষয়ের দিকে ছুটে গেলে সাফল্য অবশ্যই করায়ত্ত হবে।’
ছবি দীপঙ্কর দীপু