শেয়ারবাজারে দর সংশোধন

টানা কয়েকদিন দর বাড়ার পর গতকাল সোমবার ব্যাংকিং খাতের শেয়ারে কিছুটা দর সংশোধন হয়েছে। গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ ব্যাংক শেয়ারেরই দর কমেছে। একে বাজারের স্বাভাবিক প্রবণতা বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। এ খাতের শেয়ারহোল্ডারদের মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকেই কিছুটা দর কমেছে। এদিকে ব্যাংকের শেয়ারের দর কমায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকও কমেছে। তবে বেড়েছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে পাঁচশ কোটি টাকারও বেশি। যা গত প্রায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৪৬ পয়েন্ট কমে ৪ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক কিছুটা বেড়ে ১ হাজার ৪৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৪ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৫ কোটি ৯৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। এদিকে পুঁজিবাজারে বিদ্যুত্ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ৩০ জুন ২০১৩ইং তারিখে সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ১৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬৩ দশমিক ৬৯ টাকা। একই খাতের ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ৩০ সেপ্টেম্বর ২০১৩ইং তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ৩৮ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা এবং ১ দশমিক ২৯ টাকা।