ডিসিসিআই ও শ্রীলংকান চেম্বারের মধ্যে সমঝোতা
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ১৯:৩৪
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং দি ন্যাশনাল চেম্বার অব কমার্স অফ শ্রীলংকার (এনসিসিএসএল) মধ্যকার সমঝোতা চুক্তি সমপ্রতি শ্রীলংকার রাজধানী কলম্বোতে স্বাক্ষরিত হয়। ডিসিসিআই সভাপতি মোঃ সবুর খান এবং এনসিসিএসএল এর সভাপতি সুনীল জি ওইজেসিনহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকা চেম্বারের সভাপতি বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে এফটিএ স্বাক্ষরের জন্য দুদেশের সরকারের প্রতি আহবান জানান। শ্রীলংকায় ঔষধ, পাট ও পাটজাত পণ্য, হস্তশিল্পের ক্ষেত্রে ডিউটি ফ্রি সুবিধা প্রদান এবং বাংলাদেশ থেকে এসব পণ্য আরো বেশি হারে আমদানির আহবান জানান তিনি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক, শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান, বাংলাদেশস্থ শ্রীলংকার হাইকমিশনার এস কে ওয়েরাগোদা, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার রফিক-উল হক, ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি আর এম খান, ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি নেসার মাকসুদ খান, পরিচালক হুমায়ুন রশিদ, চট্রগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং শ্রীলংকা-বাংলাদেশ কো-অপরেশন কাউন্সিলের সভাপতি এসিলা ডি লিভারসা উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি