রাজনীতির মাধ্যমেই প্রকৃত দেশপ্রেম ফুটে ওঠে
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২০:৫৪
আজ সময় এসেছে রাজনৈতিক নেতা বা রাজনৈতিকদের জানার ও চেনার। আমরা অনেকেই মনে করি রাজনীতিবিদ জনগণের কথা ভাবেন, তিনি দেশপ্রেমিক। রাজনীতির মাধ্যমেই প্রকৃত দেশপ্রেম ফুটে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন ধরনের রাজনীতির মাধ্যমে দেশপ্রেম ফুটে ওঠে? কোন ধরনের রাজনৈতিক নেতৃত্বের বা কার্যকলাপের মাধ্যমে দেশপ্রেম ফুটে ওঠে? বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তার মাধ্যমে কি কারো দেশপ্রেম ফুটে উঠছে বা উঠবে? অনেকেই হয়তো বলবেন, বর্তমান অবস্থার রাজনীতির মাধ্যমে কারো দেশপ্রেম ফুটে উঠছে না। কিন্তু এটা আমি মেনে নিতে নারাজ। কারণ সমস্যার সমাধান করাই রাজনৈতিক ব্যক্তিবর্গ বা নেতার কাজ। যিনি সমস্যা সমাধান করতে পারেন না, যিনি সমস্যা সমাধানে উদ্যোগী নন, তিনি প্রকৃত দেশপ্রেমিক হতে পারেন না। বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে দেখা যায়, দেশের রাজনৈতিক অচলাবস্থা, রাজনৈতিক যাবতীয় সমস্যা প্রকৃত নেতারাই জনগণের কথা চিন্তা করে সমাধানে উদ্যোগী হন এবং সমস্যার সমাধান করেন। আমি মনে করি, আমাদের দেশে অতীতে প্রকৃত রাজনৈতিক ব্যক্তি বা নেতা ছিলেন, বর্তমানেও আছেন। তাঁরা অবশ্যই বর্তমান দুরবস্থার কথা চিন্তা করে, ছেলেমেয়েদের পরীক্ষার কথা চিন্তা করে, সমস্যা সমাধানে উদ্যোগী এবং সক্ষম হবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়