শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

গেল দুই সপ্তাহ ধরে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এর ধারাবাহিকতায় টানা তিন দিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সূচক বাড়ার সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিকে গতকালও বাজারে ব্যাংকিং খাতের লেনদেনে আধিপত্য দেখা গেছে। একটি বাদে তালিকাভুক্ত সব ব্যাংকের শেয়ার দরও বেড়েছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের লেনদেনে তিন খাতের প্রাধান্য দেখা গেছে। ব্যাংকিং খাতের পাশাপাশি বস্ত্র খাত ও জ্বালানি খাতের শেয়ারের লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ৫৫ ভাগ। এদিকে বাজারে ইতিবাচক ধারা ফিরে আসায় বিনিয়োগকারীরা লেনদেনে ফিরছেন। আর এতেই বাড়ছে লেনদেন। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৫০ লাখ ৩৯ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৪৫ কোটি ২১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।