রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু বিনিয়োগে বড় বাধা:গভর্নর

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে, যা সুষ্ঠু বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ না থাকায় দেশের অর্থনীতি বেশ উদ্বেগজনক অবস্থা বিরাজ করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে অংশ গ্রহণ বাড়াতে হবে। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গভর্নর বলেন, সামাজিক দায়বদ্ধতা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা ও অভ্যন্তরিণ অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দেশজ উত্পাদনে প্রকৃত প্রবৃদ্ধি ছয় শতাংশের ওপরে রয়েছে। মূল্যস্ফীতির হার কমে সাত দশমিক শূন্য তিন শতাংশে ঠেকেছে। এক হাজার ডলারের উপরে মাথা পিছু আয় দেশের অর্থনীতির জন্য রীতিমত সুখবর। এ সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসেবে বড় ধরনের উদ্বৃত্ত রাখা সম্ভব হয়েছে। তিনি বলেন, অর্থনীতির এমন সম্ভাবনাময় সময়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি অবশ্যই উদ্বেগজনক। এজন্য সুস্থির বিনিয়োগ পরিবেশের জন্য সামাজিক রাজনৈতিক সুস্থিতি ও শান্তি প্রয়োজন। ব্যাংকগুলোর সিএসআর কার্যক্রম বিষয়ে ড.আতিউর রহমান বলেন, এ খাতে ব্যয় যাতে সঠিকভাবে হয় সে বিষয়ে কঠোর নজরদারি রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য দেশের অর্থনীতির অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ব্যাংকগুলোর সামাজিক দায়বোধ সম্পন্ন অবদান সামষ্ঠিক অর্থনীতির ভারসাম্য ও স্থিতিশীলতাকে আরো দৃঢ় করছে। ব্যাংকটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে আজাদ বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক তাদের লভ্যাংশ থেকে শিক্ষাবৃত্তির মত উন্নয়নমূলক কাজে ব্যয় করছে। যা প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, এ বৃত্তির টাকা নেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের খাটো করে দেখলে হবে না। এটি তাদের পাওনা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে যারা ভবিষ্যতে বিনিয়োগে আগ্রহী হবে তাদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করবে। আর যারা যোগ্য হয়ে উঠবে তারা চাইলে তাদের চাকরি এ ব্যাংক করে দিবে বলেও এ সময় জানান তিনি। এদিকে, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এক হাজার ৬৪২ জনকে এককালীন ও স্বল্প মেয়াদে তিন কোটি ৪৮ লাখ টাকার বৃত্তি প্রদান করেছে। আর চলতি বছরের আয়োজনে তিনশো এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে পনের হাজার টাকা করে এবং দুইশো এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ হাজার টাকা করে মোট ৯৫ লাখ টাকার বৃত্তি প্রদান করেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান ও মোহাম্মদ সোলাইমান, ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরুল আরেফিন এবং ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রহমান।