দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরি প্রকল্প
ডিসিসিআই এবং বিসিকের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২০:১৮
দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) মধ্যে সম্প্রতি একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আবসার করিম চৌধুরী, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ঢাকা চেম্বারের পরিচালক এম আবু হোরায়রা, হোসেন এ সিকদার, আলহাজ্ব আব্দুস সালাম এবং মো. শোয়েব চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
সভায় ডিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি আবসার করিম চৌধুরী বলেন, বেকারত্ব সমস্যা দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। তিনি ক্ষুদ্র ও কুটির শিল্পজাত পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে বিসিককে আরো কার্যকরী উদ্যোগ গ্রহণের আহবান জানান। ঢাকা চেম্বার ও বিসিক যৌথভাবে একটি শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব করেন তিনি।
নতুন উদ্যোক্তাদের বিসিক শিল্প নগরীতে শিল্প প্লট পেতে অগ্রাধিকার দেয়া হবে উল্লেখ করে বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ডিসিসিআই-এর ২০০০ নতুন উদ্যোক্তা তৈরি প্রকল্পটি যুগোপযুগী। বিসিক আগামী বছরে বিশেষায়িত পণ্যের মেলা ও উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় বিসিকের পরিচালক (প্রমোশন) মো. জাহাঙ্গীর মোল্লা, পরিচালক (অর্থ) মো. মনসুর রেজা চৌধুরী, পরিচালক (প্রকল্প বাস্তবায়ন) পাতিত পবন বৈদ্য, পরিচালক (পরিকল্পনা) রামা রানী রয় এবং বিসিক সচিব ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।