ডিএসইতে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

টানা পাঁচদিন ধরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে। ব্যাংকিং খাত ও পোশাক খাতের সুবাদেই ডিএসই’র সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসই’র সূচক বেড়েছে ১০১ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৭৮৭ কোটি টাকা। যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। গতকালও বাজারে লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল বস্ত্র, ব্যাংক ও জ্বালানি খাত। এ তিন খাতে লেনদেন হয়েছে প্রায় চারশ’ কোটি টাকা। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত থাকায় শেয়ারবাজারের বিনিয়োগও বেড়েছে। এদিকে বস্ত্র খাতে লেনদেন হয়েছে দেড়শ’ কোটি টাকারও বেশি। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৩ ভাগ। প্যারামাউন্ট টেক্সটাইলের লেনদেন শুরু হওয়ায় এ খাত ঘিরে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে। আর এ কোম্পানিটি ঘিরে বেড়েছে এ খাতের লেনদেনও। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ১০১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮৭ কোটি ৯২ লাখ ২৬ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২০৭ কোটি ৯৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের। এদিকে অস্বাভাবিকভাবে শেয়ারের দর বৃদ্ধি পাওয়া ১২ কোম্পানির মধ্যে চার কোম্পানির তদন্ত প্রতিবেদন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দাখিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। প্রতিবেদনে কোম্পানিগুলোর দরবৃদ্ধির অসঙ্গতি এবং লেনদেনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। কোম্পানি ৪টি হলো: প্রকৌশল খাতের আনোয়ার গ্যালভাইজিং ও মুন্নু স্টাফলার, খাদ্য ও আনুষঙ্গিক খাতের রহিমা ফুড এবং বস্ত্র খাতের মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড। সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কোম্পানিগুলোর শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধির পেছনে বেশ কিছু অসঙ্গতি রয়েছে।