সৌদি আরব এবং মিসর কাতারের ওপর অবরোধ অব্যাহত রাখবে বলে যৌথভাবে ঘোষণা দিয়েছে। সৌদি আরবের আল আরাবিয়া টেলিভিশন একথা জানিয়েছে। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমানের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।
দুটি দেশই কাতারের ব্যাপারে কোনো ছাড় দিতে অস্বীকৃতি জানায়। এক বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের চারটি দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। আঞ্চলিক সফরের অংশ হিসেবে প্রিন্স সালমান মঙ্গলবার মিসরের রাজধানী কায়রো সফর করেন। এরপর তিনি তিউনিশিয়া যান। সালমানের সফর উপলক্ষে বিক্ষোভ করে তিউনিশিয়ার মানুষ। তারা সাংবাদিক জামাল খাশোগি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে।
২০১৭ সালের জুনে কাতারের বিরুদ্ধে আকাশ, নৌ ও সড়ক পথে অবরোধ আরোপ করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলোর অভিযোগ সন্ত্রাসবাদকে মদদ এবং মুসলিম ব্রাদার হুডকে সহায়তা দেয় কাতার। কাতার বরাবরই এই অভিযোগকে ভিত্তিহীন বলে আসছে।
কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চারটি দেশ কয়েকটি শর্ত দিয়েছে। এই শর্তগুলো হচ্ছে— আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া, কাতার থেকে তুরস্কের সেনা সরিয়ে দেওয়া, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু কাতার এই শর্ত মানবে না বলে জানিয়ে দিয়েছে।