শর্ট সেল করায় দুই ব্রোকারকে জরিমানা
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ১৯:৫০
শেয়ারবাজারে শর্ট সেল করায় দুই ব্রোকারেজ হাউসকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া এমারেল্ড অয়েল কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার বিএসইসির ৫০০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। এদিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টির অবলুপ্তির প্রস্তাব অনুযায়ী ফান্ডটি বিলুপ্তির মাধ্যমে উদ্যোক্তা বিনিয়োগের অংশ ফেরত প্রদানে কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত সংবলিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য আরএন ট্রেডিং লিমিটেড চলতি বছরের ২৩ এপ্রিল ফু-ওয়াং সিরামিক লিমিটেডের ২ হাজার শেয়ার শর্ট সেলিং করেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য গত ১৫ মে সামিট পাওয়ারের ২ হাজার শেয়ার শর্ট সেলিং করেছে। তাই আইন ভঙ্গের দায়ে উভয় ব্রোকারেজ হাউসকে ১ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বিএসইসি জানিয়েছে, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিইও অনুমোদন করেছে বিএসইসি। আইপিওর মাধ্যমে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। এজন্য কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা মেয়াদি ঋণ পরিশোধ, চলতি মূলধন এবং আইপিও খাতে ব্যয় করবে। ৩০ জুন ২০১৩ আর্থিক প্রতিবেদন অনুযায়ী এমারেল্ড অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৮৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪ টাকা ৬ পয়সা।