এসএমই ঋণ বিতরণ কমেছে
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২০:৪৪
চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ঋণ বিতরণ কিছুটা কমেছে। এ প্রান্তিকে ২০ হাজার ৬২৪ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ হয়েছে যা এর আগের প্রান্তিকের চেয়ে ৮৭২ কোটি টাকা কম। এ বছরে এসএমই খাতে ৭৪ হাজার ১৮৬ কোটি ৮৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ৬২ হাজার ৪৭২ কোটি ৫৪ লাখ টাকা ঋণ বিতরণ হয়েছে। অর্থাত্ এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮৪ দশমিক ২০ শতাংশ ঋণ বিতরণ করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের (২০১৩) প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এসএমই খাতে ঋণ বিতরণ হয়েছিল ১৯ হাজার ৩৫২ কোটি টাকা। আর দ্বিতীয় প্রান্তিকে অর্থাত্ এপ্রিল থেকে জুন সময়ে ২২ হাজার ৪৯৬ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছিল। দেশের চলমান রাজনৈতিক অবস্থায় বিনিয়োগ কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে এসএমই খাতে। এ কারণে এসএমই খাতের ঋণ বিতরণও কমছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে আরো দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবসা খাতে ৪০ হাজার ৬৭০ কোটি ১৭ লাখ টাকা, সেবা খাতে তিন হাজার ৩১০ কোটি ৪৫ লাখ টাকা, ম্যানুফেকচারিং খাতে ১৮ হাজার ৪৯১ কোটি ৯২ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। এরমধ্যে ক্ষুদ্র শিল্পে ৩২ হাজার ৮৫ কোটি ৪০ লাখ টাকার ঋণ দেয়া হয়েছে।
এসএমই খাতে ঋণ বিতরণ কমে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, বর্তমান সময়ে ঘন ঘন হরতালসহ রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অবকাঠামোর মধ্যেও উল্লেখযোগ্য পরিমাণে এসএমই ঋণ বিতরণ হয়েছে। তবে এবার নির্বাচনী বছর হওয়ায় ঋণ বিতরণ কিছুটা কমতে পারে।