চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে নিহত ২৩

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছে। বুধবার সকালে ঝাংজিয়াকোউ শহরের ওই বিস্ফোরণে আরও ২২ জন গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে ৫০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বিস্ফোরণস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। যেখানে ধোঁয়া ও আগুনের মাত্রা কমে আসার চিত্র দেখা গেছে। বেশ কয়েকটি আলোকচিত্রে সারি করে রাখা ভস্মীভূত গাড়ি ও ট্রাকেরও দেখা মিলেছে। বিস্ফোরণের পর নিকটস্থ হেবেই শেংগুয়া রাসায়নিক কারখানার উত্পাদন বন্ধ রাখা হয়। বিস্ফোরণটি ওই কারখানায় হয়নি বলে শেংগুয়ার স্বত্ত্বাধিকারী কোম্পানি ক্যামচায়নার এক মুখপাত্র নিশ্চিত করেছেন। কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি। বিস্ফোরণ স্থলের সব আগুন নিভিয়ে ফেলা হয়েছে, বলেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড ও খনি দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। ২০১৫ সালের আগস্টে বন্দরনগরী তিয়ানজিনের একটি রাসায়নিক ওয়্যার হাউসে বিস্ফোরণের ঘটনায় ১৬৫ জন নিহত হয়। সঠিক ব্যবস্থাপনা ছাড়া জড়ো করে রাখা বিপজ্জনক পদার্থের কারণেই বিস্ফোরণটি হয়েছিল বলে পরে সরকারের প্রতিবেদনে জানানো হয়েছিল।