অস্ট্রেলিয়ার সিডনিতে বুধবার ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কিছু রুটে ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া কিছু কিছু স্থানে রেল সেবা বন্ধ থাকে। এতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত হয়। এ ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার মাসের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জরুরি কর্মীরা উদ্ধার এবং বন্যার পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এ নগরীতে ব্যাপক বজ্রপাত ও ভারী বর্ষণ হয়েছে। আবহাওয়া ব্যুরো জানায়, মাত্র কয়েক ঘণ্টায় নগরীর কিছু স্থানে ১০৬ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পুরো নভেম্বর মাসে সিডনিতে গড়ে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে দুই ব্যক্তি মারা গেছে বলে জানা গেছে। এছাড়া গাছ চাপায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তারা উদ্ধার তত্পরতা চালানোর সময় এ ঘটনা ঘটে। জরুরি বিভাগ জানায়, তারা বন্যার কবল থেকে ১২ জনকে উদ্ধার করেছে।
সহকারী পুলিশ কমিশনার মাইকেল কোর্বি বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।’ এদিকে বিদ্যুত্ বিভাগ জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ছয় হাজার ৬শ’ লোক বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে।