নতুন ব্যাংকগুলোর প্রতি বাংলাদেশ ব্যাংক
তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে ঋণ দেয়ার নির্দেশ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২০:১৪
সাম্প্রতিক সময়ে অনুমোদন পাওয়া নয়টি ব্যাংককে তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে ঋণ দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে সুর চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন সময়ে বেশ কিছু সমালোচনা সত্ত্বেও প্রয়োজন বিবেচনায় এ ব্যাংকগুলোর অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। কোনো কারণে এসব ব্যাংকের আর্থিক সূচকের অবনতি ঘটলে তার দায় বর্তাবে বাংলাদেশ ব্যাংকের ওপর। এ কারণে ঋণসহ সব ধরনের কার্যক্রম ভালো ভাবে পরিচালনা করতে হবে।
গতকাল শনিবার নতুন অনুমতি পাওয়া সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্যদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার কারণে হলমার্কের ঘটনা ঘটেছে। এই একটি ঘটনা পুরো ব্যাংকিং খাতের ওপর চুন-কালি দিয়েছে। এমন ঘটনা এড়াতে নিয়মের মধ্যে থেকে পরিষদকে সব ধরনের কাজ করতে হবে। কোনো বিষয়ে অযাচিত হস্তক্ষেপ না করে সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দিতে হবে। মূলধন পর্যাপ্ততা, তারল্য ও ঋণ এসব সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা পরিষদকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া বড় ঋণে বেশি ঝুঁকি থাকে, এ কারণে প্রথম অবস্থায় ক্ষুদ্র বিনিয়োগ যেমন কৃষি, এসএমই, ইটিপিসহ ছোট ঋণের প্রতি বেশি গুরুত্ব দেয়ার ওপর জোর দিতে হবে।
গতকাল ব্যাংকিং কার্যক্রম বিষয়ে পরিচালকদের ধারণা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা
হয়। নতুন ব্যাংকগুলোর মধ্যে সাউথ বাংলাই প্রথমবারের মতো পরিচালকদের নিয়ে এধরনের অনুষ্ঠানের আয়োজন করলো। অনুষ্ঠানে ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের এমডি আব্দুল মান্নান ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এস.এম রবিউল হাসান। এসময় সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান এস.এম আমজাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামসহ বেশিরভাগ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।