টিপস

আলোর শোভা নিয়ে টেবিল ল্যাম্প

টেবিল ল্যাম্প একসময় শুধু ব্যবহূত হতো শোবার ঘরে পড়ার টেবিলের জন্য। রাত জেগে টেবিল ল্যাম্প জ্বেলে ছেলেমেয়েরা পড়াশোনা করত। সেই টেবিল ল্যাম্প পড়ার টেবিল থেকে উঠে এসেছে ঘরের সর্বত্র। শোবার ঘরে বেড সাইড টেবিলে, খাবার ঘরের কোনায় কিংবা ড্রয়িং রুমের এক পাশে। অনেক বাড়িতে প্রবেশ করেই লম্বা প্যাসেজেও শোভা পায় বাহারি ধরনের টেবিল ল্যাম্প। মৃদু আলো-ছায়ার পরিবেশ সৃষ্টি করা নজরকাড়া টেবিল ল্যাম্প প্রশান্তি ছড়িয়ে দেয় ঘরে। আবার আলোর ছন্দে সৌন্দর্য বাড়াতেও চাই টেবিল ল্যাম্প। রাতে ঘরের মধ্যে স্বল্প আলো ছড়িয়ে দেওয়ার জন্য অথবা পড়াশোনার টেবিল আলোকিত করার জন্য মানানসই একটি টেবিল ল্যাম্প কিনে নিতে পারেন আজই। লোহার পাশাপাশি বাঁশ, কাগজ, বেত, কাঠ, কাপড়, চীনামাটির তৈরি টেবিল ল্যাম্প ও ল্যাম্পশেড বাজারে পাওয়া যায়। এসব টেবিল ল্যাম্প বা ল্যাম্পশেড দোকানে যতটা মানানসই লাগুক না কেন আপনার ঘরের সাজসজ্জার সঙ্গে তা মানাচ্ছে কি-না তা কেনার আগে ভেবে নেবেন। আপনি কেন কিনছেন এবং কোথায় রাখবেন সেটার ওপরও নির্ভর করে টেবিল ল্যাম্পের ধরন। যদি পড়াশোনার জন্য কিনতে চান তবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। আবার ঘর সাজাতে কিনতে চাইলে টেবিল ল্যাম্পের সৌন্দর্যের দিকে নজর দিন। টেবিল ল্যাম্পের প্রয়োজন যদি হয় ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য তাহলে প্রথমেই জেনে নিতে হবে আপনি এই টেবিল ল্যাম্পটি ঘরের কোন অংশে রাখবেন। যদি শোবার ঘরের বেডসাইড টেবিলের ওপর রাখার জন্য টেবিল ল্যাম্পের প্রয়োজন পড়ে তাহলে যথাসম্ভব ছোট আকৃতির টেবিল ল্যাম্প কিনতে হবে। আর এর আলো হতে হবে মৃদু ও স্নিগ্ধ। আবার বেডসাইড টেবিলের পরিবর্তে যদি শুধুমাত্র শোবার ঘরের এককোণে বা খাটের মাথার দিকে একটি স্ট্যান্ডিং টেবিল ল্যাম্প রাখতে হয় তাহলে এমন আকৃতির ল্যাম্পশেড খুঁজে বের করতে হবে যেটি খাটের উচ্চতার সাথে মানানসই। বৈচিত্র্যপূর্ণ ল্যাম্পশেড বা টেবিল ল্যাম্প রাখবার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হলো বসার ঘর বা ড্রয়িং রুম। সাধারণত ড্রয়িং রুমের কোনো একটি কোণে নান্দনিক ডিজাইনের কোনো টেবিল ল্যাম্প রাখতে পারলে তা দেখতে অনেক বেশি ভালো দেখায়। এ ছাড়া যাদের বসার ঘর খানিকটা খোলামেলা এবং বড় তারা চাইলে দু’টি সিঙ্গেল সোফার মাঝখানেও রাখতে পারেন খানিকটা লম্বা আকৃতির কোনো ল্যাম্পশেড। তবে সোফার পাশে থাকা সাইড টেবিলের উপর রাখবার জন্য টেবিল ল্যাম্পের প্রয়োজন পড়লে সেটি খানিকটা ছোট আকৃতির হওয়াই ভালো। আর বসার ঘরে যেহেতু কম আলো থাকা বাঞ্চনীয় নয়, তাই এ ঘরের ল্যাম্পশেড থেকে খানিকটা উজ্জ্বল আলো ছড়ানোই ভালো। এজন্য বাজারে যেসব উজ্জ্বল আলোর টেবিল ল্যাম্প কিনতে পাওয়া যায় সেখান থেকে লাল, নীল, ম্যাজেন্টা, সবুজ, লেমন বা ধবধবে সাদা রঙের ল্যাম্প বেছে নেওয়া যেতে পারে।