বদভ্যাস
গোসলে অনীহা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ১৭:৪১
রোজ স্নান না করার অভ্যাসটি একবাক্যে খুবই অস্বাস্থ্যকর। আর আমাদের মতো গ্রীষ্মকালীন দেশের জন্য তো অবশ্যই। এই বদভ্যাসের ফলে হতে পারে নানারকমের অসুখ। প্রতিদিন গোসল না করলে দেখা দিতে পারে স্কিন র্যাশ ও নানা ধরনের স্কিনের সমস্যা। সবচেয়ে বেশি বিরক্তিকর হলো, এর ফলে সৃষ্টি হয় গায়ের দুর্গন্ধ। কেউ আবার ভাবতে পারেন, পারফিউম ব্যবহার করে সমস্যাটির সমাধান করা যেতে পারে। তবে তাদের জন্য বলা যায়, এ কাজটি সমাধান না, সমস্যা আরও বাড়িয়ে দেবে। ঘামের দুর্গন্ধের সাথে মিলে পারফিউম এক বিকট গন্ধের সৃষ্টি করবে।
অনেক সময় দেখা যায়, যারা শীতপ্রধান দেশে থাকেন তারা প্রতিদিন গোসল না করে স্পঞ্জ বাথ নিয়ে থাকেন। তবে আমদের দেশে গরম ও আর্দ্রতার সাথে দূষণও এত বেশি হয় যে, প্রতিদিন ঘামের সঙ্গে আমাদের শরীরে জমে অনেক ধুলো-ময়লা। আর এই ধুলো-ময়লা আমাদের ত্বকের লোমকূপ বন্ধ করে দেয়। এ ক্ষেত্রে গোসল করলে ত্বক রিহাইড্রেটেড হয়, কারণ জল প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে। সারাদিনের ক্লান্তি কাটানোর জন্য ঠাণ্ডা পানিতে গোসল করলে খুবই তরতাজা লাগে। নিয়মিত গোসল না করলে ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। কারণ গোসল না করলে আপনার বডি টেম্পারেচার বেড়ে যায়, এর ফলে শরীরে একটি অস্বস্তি তৈরি হতে পারে। যাদের ঘুমের সমস্যা, ইনসোম্যানিয়া আছে তাদের রাতে ঘুমাতে যাওয়ার আগে গোসল করা উচিত।
এমনটা হলে কী করবেন
গরম কালে প্রতিদিন নিয়ম করে ২ বার গোসল করা উচিত। এ ছাড়া যারা খেলাধুলা করেন তাদের জন্য গোসল করা জরুরি। এতে একদিকে যেমন শরীরের ধুলো-ময়লা দূর হয়, সেই সাথে শরীরটাও ফ্রেশ হয়ে যায়। সন্ধ্যার সময় বেশ কিছুটা সময় নিয়ে স্নান করা উচিত। এ সময়ে সারাদিনের সব চিন্তা মাথা থেকে সরিয়ে রাখলে ভালো। দেখবেন আপনার মুডটা একেবারে পাল্টে গিয়েছে।