শৌখিন জিনিসের পরিচর্যা

ঘর সাজাতে আমরা সবাই পছন্দ করি। বিশেষ করে আমাদের মধ্যে যারা শৌখিন তাদের জন্য ঘর সাজানো একটা আর্টের মতো বিষয়। কাচের তৈরি শৌখিন জিনিস বা তৈজসপত্র ঘরে আনে আভিজাত্য। তবে ব্যবহারের পাশাপাশি এর প্রয়োজন নিয়মিত যত্ন। ভালোভাবে পরিষ্কার করে রাখলে জিনিসটি দেখতে যেমন ঝকঝকে তকতকে লাগে, আবার অনেক দিন টিকেও থাকে।  সপ্তাহে অন্তত একদিন লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করা যেতে পারে। লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করে মোছার পর আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে।  যেকোনো ধরনের কাচ পরিষ্কার করার জন্য অবশ্যই নরম পাতলা পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে।  কাচের তৈজসপত্র পরিষ্কার করার ক্ষেত্রে ডিটারজেন্ট মেশানো পানি কিংবা লিকুইড ক্লিনার ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে ব্যবহার্য জিনিস ধোয়ার পর পরিষ্কার করে মুছে রাখতে হবে কিংবা বাতাসে শুকাতে হবে, তা না হলে দাগ পড়ে যেতে পারে।  কাচের আসবাব পরিষ্কার করার ক্ষেত্রে প্রথমে অবশ্যই শুকনো কাপড় দিয়ে ধুলো মুছে নিতে হবে। নাহলে পরিষ্কার হওয়ার পরিবর্তে কাচের ওপর কাদা কাদা ভাব দেখা যেতে পারে।  তৈজসপত্র ব্যবহারের আগে একবার পাতলা কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে।  যেকোনো ধরনের কাচ নরম কাপড় দিয়ে পরিষ্কার করে মুছতে হবে, তা না হলে কাচের ওপর আঁচড় পড়ে যেতে পারে।  কাচের ফটোফ্রেমগুলোয় সব সময় লিকুইড দিয়ে পরিষ্কার না করলেও পাতলা পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে।