ঝটপট ৪ পদ

রসনাবিলাসী বাঙালির রসুইঘরে কত না মজাদার খাবার তৈরি হয়। আর মুখরোচক খাবার তৈরিতে গৃহিণীরা সিদ্ধহস্ত। বিকেলে হালকা নাস্তার জন্য ডালের বড়া, বেগুণী, আলুর চপ বা ঘুগনি হলে মন্দ হয় না। ঝটপট ৪ পদ নিয়ে আমাদের এবারের রেসিপি বেগুনি যা লাগবে :বেসন ১ কাপ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুড়ো সামান্য, লবণ স্বাদ অনুযায়ী, রসুন বাটা ১ চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, বেগুন লম্বা করে কাটা ৮-১০ পিস, পানি পরিমাণমতো এবং তেল ভাজার জন্য পরিমাণমতো। যেভাবে করবেন : প্রথমে বেসনে সব উপকরণ শুধু বেগুন ও তেল বাদে, এক সাথে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। (বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিতে হবে। এতে বেগুন কালো হয় না)। এখন লম্বা করে কাটা বেগুন বেসনের গোলায় ডুবিয়ে গরম ডুবো তেলে মচমচে করে ভেজে টিস্যুতে তুলে কিছুক্ষণ রেখে দিন। তারপর নিজের পছন্দ অনুযায়ী পরিবেশন করুন। আলুর চপ সিদ্ধ ডিমের ভর্তা দিয়ে যা লাগবে :আলু ৫০০ গ্রাম, ডিম ১টি সিদ্ধ করে ভর্তা করতে হবে, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা করা ২ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, ডিম ১টি ফেটানো, বিস্কুটের গুঁড়ো পরিমাণমতো, তেল ভাজার জন্য পরিমাণমতো, লবণ স্বাদ অনুযায়ী। যেভাবে করবেন : প্রথমে আলু সিদ্ধ করে লবণ দিয়ে মেখে রাখতে হবে কিছুক্ষণ। (আলু গরম অবস্থায় লবণ না দিয়ে ঠাণ্ডা করে দিতে হবে। কারণ, গরম অবস্থায় আলুতে লবণ দিলে আলু পানি পানি হয়ে যাবে)। এখন একটি কড়াইয়ে তেল গরম করে একে একে তাতে আলু ভর্তা, ডিমের ভর্তা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গরম মশলা গুড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং পেঁয়াজ বেরেস্তো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে আবার মেখে নিতে হবে। হাল্কা হাতে চ্যাপটা আকারের চপগুলো প্রায় ১০-১২টি করে ফ্রিজে প্রায় ৫ মিনিট রেখে দিতে হবে। তার পর ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে গরম ডুবন্ত তেলে ভেজে টিস্যু পেপারে তুলে রাখতে হবে। নিজের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে সস্ বা চাটনি দিয়ে খেয়ে নিন মজাদার এই খাবারটি। ঘুগনি যা লাগবে :চটপটির ডাবলি ২৫০ গ্রাম। বেকিং পাউডার, ১ চা চামচ। লবণ স্বাদ অনুযায়ী, পানি পরিমাণমতো, পেঁয়াজ মিহি করে কাটা আধা কাপ, কাঁচামরিচ কুচি করে কাটা ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ। ধনিয়া গুঁড়ো ১ চা চামচ এবং লেবু ২-৩ টুকরো। যেভাবে করবেন :প্রথমে চটপটির ডাবলি ১ রাত্রি ভিজিয়ে রেখে পরের দিন ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণমতো পানি, স্বাদ অনুযায়ী লবণ ও বেকিং পাউডার দিয়ে প্রায় আধা ঘণ্টা চুলোয় ঢেকে সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন ডাবলি বেশ মাখামাখা হয়ে আসছে তখন সেটি ঠান্ডা করে তাতে একে একে সব মশলা এক সঙ্গে পছন্দ অনুযায়ী সাজিয়ে মিশিয়ে নিন। তারপর পরিবেশন করুন মজাদার ঘুগনি। ডালের বড়া যা লাগবে :মশুরের ডাল ১৫০ গ্রাম। রসুন বাটা ১ চা চামচ ও হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুড়ো আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা ২ টেবিল চা চামচ ও কাঁচা মরিচ কুচি ১ চা চামচ করে, পেঁয়াজ মিহি করে কাটা, ১ কাপ, তেল ভাজার জন্য এবং পানি পরিমাণমতো। যেভাবে করবেন : মসুরের ডাল ভালোভাবে ধুয়ে সারাদিন পানি দিয়ে ভিজিয়ে রাখুন। পুনরায় ধুয়ে নিয়ে পানি ছেঁকে নিন। এবার পাটায় মিহি করে বেটে নিয়ে তাতে একে একে পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি, হলুদ ও মরিচ গুঁড়ো, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ নিন। তারপর প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর বড়ার আকার করে ডুবন্ত গরম তেলে ভেজে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন।