টোকিও’র হেডকোয়ার্টার বিক্রি করে দিচ্ছে সনি
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২০:১৬
প্রায় ছয় যুগ ধরে জাপানের টোকিও শহরে অবস্থিত সনির ভবনটি কাজ করেছে সনির সদর দপ্তর হিসেবে। সনির অভিজাত্য আর সম্মানের একটি প্রতীক হিসেবেই গড়ে উঠেছিল ভবনটি। তবে প্রযুক্তি বিশ্বের বর্তমান পরিস্থিতিতে ধুঁকতে থাকা সনিকে তাদের এই সদর দপ্তরটি বিক্রির সিদ্ধান্ত নিতে হচ্ছে। জাপানের সংবাদপত্র নিক্কেই ডেইলির খবরে প্রকাশ, ভবনটির জন্য এখন ক্রেতা খুঁজছে সনি। এর জন্য দাম আশা করা হচ্ছে ১৫ বিলিয়ন ইয়েন বা ১৪৭ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। সাম্প্রতিক সময়ে সনিকে নানা ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। যে কারণে নতুন ব্যবসায় কৌশলে তাদের ভায়ো ল্যাপটপ বিভাগকেও বিক্রি করে দিতে হয়েছে। চলতি মাসেই সনি আশংকা প্রকাশ করেছে, তাদের চলতি অর্থবছরে (এপ্রিল ২০১৩-মার্চ ২০১৪) ১.০৮ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হতে পারে। সম্প্রতি তাদের ৫ সহস্রাধিক কর্মীকেও ছাঁটাই করা হয়। এরই ধারাবাহিকতায় এবারে টোকিওর সদর দপ্তরটি বিক্রি করে দিতে যাচ্ছে এই জায়ান্ট।