প্রমত্তা আত্রাই নদী এখন মরা খাল

নওগাঁ মহাদেবপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত এক সময়ের উত্তাল আত্রাই নদী এখন মরাখালে পরিণত হয়েছে। এ আত্রাই নদীটিতে এক সময় ঢেউয়ের তালে চলাচল করেছে অসংখ্য পালতোলা নৌকা। এ নদীকে কেন্দ্র করেই এ এলাকায় গড়ে উঠেছিল অসংখ্য হাটবাজার। এই নদীটিকেই অবলম্বন করে অসংখ্য মানুষ ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবন-জীবিকার এক শক্ত ভিত প্রতিষ্ঠা করেছিল। হাটবাজার নয়, এ নদী কেন্দ্রিক গড়ে উঠেছিল অসংখ্য জনপদ। সে সময় নদীর অথৈ পানি দ্বারা কৃষকরা দুই পাড়ের শত শত হেক্টর জমি সবুজ ফসলে ভরে ফেলেছিল। প্রকৃতির অফুরন্ত রিজার্ভ পানিতে নানা ফল-ফসলে ভরে উঠেছিল মাইলের পর মাইল জুড়ে অবস্থিত আত্রাই নদীর দুই ধার। সে এক নয়নাভিরাম দৃশ্য। ছোট-বড় নানা প্রকার ও বিভিন্ন প্রজাতির মাছেরও অফুরন্ত উত্স ছিল এই নদী। সরকারের নজর না দেয়ার সুযোগে এক শ্রেণীর দখলবাজরা নদীটির অনেক স্থান দখলে নিয়ে খুশিমত ভরাট করে ফেলেছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও পাড় কেটে মাটি বিক্রির প্রতিযোগিতায় মেতে উঠে নদীর চিহ্নটিও মুছে ফেলতে চলেছে একটি মহল। এভাবে ধুম করে পাড় কেটে মাটি নিয়ে যাওয়ার ফলে নদীটির মূল সীমানাও হারিয়ে যেতে চলেছে। এভাবে চলতে থাকলে এক সময়ের রত্নগর্ভা এ আত্রাই নদীটি কোন এক সময় মানচিত্র থেকেই বিলীন হয়ে যাবে।