গোমস্তাপুরে ৫ ভুয়া পরীক্ষার্থী আটক
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবিবার থেকে শুরু হওয়া ডিগ্রি (পাস) কোর্স পরীক্ষায় গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ৫ ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের প্রত্যেককে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ মহসিন আলি জানান- পরীক্ষা চলাকালীন ১১০ নং কক্ষের কক্ষ পরিদর্শক প্রভাষক হাফিজুর রহমান আল-আমিন (২০), আঃ আওয়াল (১৯), আল-আমিন (১৯), নাজমুল হাসান (১৯) ও মেহেদী হাসানকে (১৯) আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়। আটককৃতরা সকলেই রাজশাহীর বিভিন্ন কলেজের ছাত্র। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।