নাঙ্গলকোটে প্রতিপক্ষের মাইক ভাংচুর ও হয়রানির অভিযোগ

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (দোয়াত-কলম) নাজমুল হাছান বাছির ভুঁইয়া গত রবিবার উপজেলার ঢালুয়া ঈদগাহ মাঠে এক সংবাদ সম্মেলনে তার প্রচার মাইক ও গাড়ি ভাংচুর, সমর্থকদের হুমকি-ধামকির অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমুল হাছান বাছির ভুঁইয়া বলেন, আমার প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী দাবিদার সামছুদ্দিন কালু (আনারস) তার বাহিনী দিয়ে আমার মাইক ও গাড়ি ভাংচুর এবং কর্মী সমর্থকদের হুমকি-ধামকি এবং নাঙ্গলকোট থানার ওসিকে দিয়ে আমার কর্মীদের মামলা ও গ্রেফতারের হুমকি দিয়ে আসছে। ওসি আমার কর্মীদের মোবাইল ফোনে মামলার ভয় দেখিয়ে আনারস প্রতীকের পক্ষে কাজ করার জন্য চাপ দিচ্ছেন। গত ২৮ ফেব্রুয়ারি আমার নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত মৌকরা ইউপি সদস্য সালেহ আহম্মদকে গ্রেফতার করে গাঁজা ও মদ দিয়ে চালান দেয়ার ঘটনা ঘটিয়েছেন। গত কয়েকদিনে উপজেলার দায়েমছাতি, পৌর সদরের স্টীল ব্রীজ, পল্লী বিদ্যুত্ অফিস সংলগ্ন এলাকায় তার প্রচার মাইক ও গাড়ি ভাংচুর করেছে বলেও উল্লেখ করেন।