সালথায় সহিংসতা শতাধিক আহত ব্যাপক ভাংচুর

ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন স্থানে গত ৩ দিনে দফায় দফায় নির্বাচনী সহিংসতায় ব্যাপক ভাংচুর, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ৫০ জনকে ফরিদপুর সদর ও নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নির্বাচন উপলক্ষে মোতায়েন করা অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী তুলে নেয়ার পর নির্বাচনী বিস্তার নিয়ে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে এলাকাবাসী। জানা যায়, উপজেলার ইউসুফদিয়া গ্রামে নির্বাচনের পরের দিন থেকে গত রবিবার পর্যন্ত বিজয়ী চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের সমর্থক ও পরাজিত প্রার্থী দোলোয়ারের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব সংঘর্ষ সামাল দিতে এক ঘন্টা পর পর ঘটনাস্থলে যাচ্ছে প্রশাসন। সংঘর্ষ এলাকার সাধারণ নারী-পুরুষ এবং শিশুরা চরম নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছেন। উপজেলার তেলী সালথা, আটঘর, দরজা পুরুরা, সোনাপুর, তুগোলদিয়াসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে।