ইন্টারনেট ছড়িয়ে দিতে কাজ করবে ফেসবুক ড্রোন
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২১:০০
সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিশ্বে অন্যতম আলোচিত বিষয় হিসেবে উঠে এসেছে ড্রোনের নাম। কিছুদিন আগে গুগলও একটি ড্রোন নির্মাতাকে কিনে নিয়েছে। অ্যামাজন তো ড্রোন দিয়ে পণ্য সরবরাহের পরিকল্পনাও প্রকাশ করেছে। এবারে ফেসবুক পরিকল্পনা নিয়েছে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান অ্যারোস্পেস’ কিনে নেওয়ার। সকলের নিকট ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ইন্টারনেট ডটঅর্গ-এর কাজকে আরও কার্যকর করে তুলতে এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট টেকক্রাঞ্চের খবরে প্রকাশ, টাইটান অ্যারোস্পেসের সাথে ইতোমধ্যেই কথা হয়েছে ফেসবুকের। পৃথিবীর কক্ষপথের কাছাকাছি অবস্থানরত তাদের একটি সৌরশক্তিতে চালিত ড্রোনের দিকেই আগ্রহ ফেসবুকের। এ বিষয়ে ফেসবুক বা টাইটান অ্যারোস্পেসের আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ড্রোনটির জন্য প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হতে পারে ফেসবুককে। বিশ্বের যেসকল এলাকায় ইন্টারনেট সংযোগ নেই, সেসব অঞ্চলে ইন্টারনেটকে ছড়িয়ে দিতে এই ড্রোন ব্যবহার করা হবে। আর এর শুরুটা আফ্রিকা অঞ্চল দিয়েই হবে। এরকম প্রায় ১১ হাজার ড্রোন তৈরির পরিকল্পনা ফেসবুকের রয়েছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। টাইটান অ্যারোস্পেসের ওয়েবসাইট সূত্রে জানা যায়, তাদের তৈরি ড্রোনগুলো মূলত আবহাওয়া মনিটরিং, প্রাকৃতিক বিপর্যয় থেকে উদ্ধার, ভূ-পৃষ্ঠের ছবি সংগ্রহ বা যোগাযোগের কাজে ব্যবহূত হয়ে থাকে। তবে এর পরিধি বিস্তৃত করে ‘লাইন অব সাইট’ অনুযায়ী ব্যবহার করে ডাটা কমিউনিকেশনের কাজেও ব্যবহার করা সম্ভব। এর বিল্ট-ইন ব্যাটারি সূর্যশক্তি থেকেই নিজের চলার শক্তি সংগ্রহে সক্ষম। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার উঁচুতে এই ড্রোন পাঁচ বছর পর্যন্ত বাড়তি ব্যাটারি ছাড়াই চলতে সক্ষম। গুগল’র প্রজেক্ট লুনের মতো করেই কাজ করবে ফেসবুকের এই ড্রোন।