ছোট্ট একটা ব্যস্ত নগরী বরিশাল। শহুরে মানুষগুলোকে দৈনন্দিন কাজে অসংখ্যবার রাস্তা পারাপার করতে হয়। শহরের মধ্য দিয়েই চলে গেছে মূল সড়ক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বিভাগীয় পুরো বরিশাল শহর জুড়ে কোনো ফুটওভারব্রিজ নেই। প্রতিদিন রাস্তা পারাপারে সাধারণ মানুষ ইজি বাইক, বাইক, প্রাইভেট কার, মাহিন্দ্রাসহ দ্রুতগতিসমপন্ন যানবাহনকে অতিক্রম করতে অত্যন্ত ঝুঁকির সম্মুখীন হচ্ছে। স্কুলগামী ছেলেমেয়ে, বয়স্ক পথচারী, এমনকি বড়দেরও রাস্তা পারাপারের জন্য অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার দরুন দুর্ঘটনার সংখ্যাও নেহাত্ কম নয়। বিশেষত নতুলাবাদ বাসস্টপেজ, বরিশাল কেন্দ্রীয় জেলখানা মোড়, সদর রোড বিবির পুকুর পাড়, কাকলির মোড়, বরিশাল জিলা স্কুল মোড়, রুপাতলি বাসস্টপেজের মতো ব্যস্ত স্থানগুলোতে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। তাই বরিশাল নগরবাসীর দুর্ভোগ ঘোচাতে অন্তত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্থানগুলোতে অবিলম্বে ফুটওভারব্রিজ স্থাপনের পদক্ষেপ নিতে সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুক্তা আক্তার
শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়