বই যা পারে

পাকিস্তানের বেনজীর ভুট্টো তনয় বিলওয়াল বলেছেন, ‘তালেবানরা পাকিস্তানকে প্রস্তর যুগের দিকে নিয়ে যাচ্ছে।’ সত্যিই তাই। সেই প্রস্তুর যুগ অভিমুখী পাকিস্তানে জীবনের ঝুঁকি নিয়ে লড়ছে মালালা। তালেবানরা তার স্কুলে যাওয়া বন্ধ করতে মাথায় গুলি করে হত্যা করতে চেয়েছিল, কিন্তু মালালা মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে মানবতাবাদী মানুষের চেষ্টায়। মালালা মধ্যযুগ অভিমুখী পাকিস্তানের নারী ও শিশুদের শিক্ষার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছে। তার সাহসিকতার জন্য পৃথিবীব্যাপী অভিনন্দিত ও পুরস্কৃত হয়ে সে যেসব পুরস্কার ও অর্থ পেয়েছে তা দিয়ে গড়ে তুলেছে নারী ও শিশু শিক্ষার ফাণ্ড। যা বাংলাদেশের তথাকথিত নারীবাদীরা স্বপ্নেও ভাবে না। তারা নিজেদের ভোগবাদিতা ছাড়া আর কিছু ভাবতে পারে না। কিন্তু অন্ধকারাচ্ছন্ন পাকিস্তানে জন্মেও মালালা উত্সর্গ করতে পেরেছে নিজেকে এবং পেরেছে পুরস্কার পাওয়া অর্থ তার পিছিয়ে পড়া সমাজের কল্যাণে ব্যয় করতে। এমনটি ভারতের অরুন্দ্ধতী রায়ও করে দেখিয়েছেন। কিছুদিন আগে মালালা বার্মিংহামে ১০ তলা একটি লাইব্রেরি উদ্বোধনের জন্য আমন্ত্রিত হয়ে যে বক্তব্য রাখে সেই বক্তব্যটি তুলনাহীন। মালালা তালেবানদের সমালোচনা করে সেখানে বলেছে—‘তারা শিক্ষাকে ভয় পায়, তারা শিক্ষিত নারীকে ভয় পায়। তারা ভেবেছিল বন্দুকের ভয় দেখিয়ে আমাদের থামিয়ে দেবে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমরা নতুনভাবে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে চাই। একজন শিক্ষক, একজন ছাত্র এবং একটি বই পারে পৃথিবীকে বদলে দিতে। বই ছাড়া যেমন কোনো শহর ভাবা যায় না, ঠিক তেমনই লাইব্রেরি ছাড়া শহর শ্মশানের সমান। তাই আরো বেশি করে বই পড়ুন এবং পড়ান।’ মালালা ইউসুফ জাইয়ের এই উপলব্ধি ও আহ্বান আমাদের নারী নেত্রীরা হূদয়ঙ্গম করার ফুরসত পাবেন কি? দেশের তিন নেত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, রওশন এরশাদসহ নারীবাদী তসলিমা নাসরিনদের প্রতি আমাদের অনুরোধ—নারীর ক্ষমতায়নের প্রথম ও প্রধান শর্ত শিক্ষা। নারীশিক্ষার জন্য শিক্ষায় আগ্রহী নারীদের হাতের নাগালে বই পৌঁছাবার ব্যবস্থা করুন। বইহীন শহর যেমন শ্মশান তেমন বইহীন গ্রামও মরুভূমি বটে। সরকার ইউনিয়ন তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। দেশের লেখক, প্রকাশক, এনজিওগুলো সেখানে লাইব্রেরি প্রতিষ্ঠা করে শিক্ষার আলো সম্প্রসারণে সহায়তা করুন। পাকিস্তানের মালালা লড়ছে তার দেশে প্রস্তুর যুগ কায়েমকারীদের বিরুদ্ধে। বাংলাদেশের মালালাদের বিকৃত মানসিকতার পুরুষদের বিরুদ্ধে লড়ার জন্য গ্রামে গ্রামে পাঠাগার গড়ার উদ্যোগ নিন। শিক্ষার আলোই কেবল মৌলবাদের অন্ধকারকে ঠেকাতে পারে। ঢাকা