বাগমারায় জয়-পরাজয়ে একক প্রার্থীই মূল ফ্যাক্টর
বাগামারা (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২২:১৩
বিগত উপজেলা নির্বাচনের অভিজ্ঞতা থেকে এবার মনোনয়নপত্র দাখিলের পূর্বেই উপজেলা আ’লীগ সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্ধারণ করেছে। তবে এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে উপজেলা বিএনপি। বিএনপির শীর্ষ নেতাদের মতে, বিগত উপজেলা নির্বাচনে বাগমারায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ তিনজন প্রার্থী এবং প্রভাবশালী আরো একজন স্বতন্ত্র প্রার্থী থাকায় বিএনপির জয়লাভ অনেক সহজ হয়। কিন্তু এবারের বাস্তবতা অনেক কঠিন। এবার নির্বাচনের মাঠে নেই কোন স্বতন্ত্র প্রার্থী এবং মনোনয়েনপত্র দাখিলের পূর্বেই আওয়ামী লীগ তিনটি পদে একক প্রার্থিতার বিষয়টি ফয়সালা করে। নেতাদের মতে, তাই এই নির্বাচনে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাতে গেলে তিনটি পদে একক প্রার্থীর কোন বিকল্প নেই।
আগামী ২৩ মার্চ বাগমারা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে আওয়ামী লীগ ও বিএনপির প্রায় হাফ ডজন প্রার্থী নির্বাচনে গণসংযোগ চালিয়ে গেলেও তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের তিনজন এবং বিএনপির পাঁচজন প্রার্থীকে মাঠে থেকে গণসংযোগ চালাতে দেখা যাচ্ছে। তারা হলেন: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী অনীল কুমার সরকার ও আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান চৌধুরী এবং বিএনপি থেকে এখন পর্যন্ত গণসংযোগে রয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডিএম জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোকলেছুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি বড়বিহানালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান তপন ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক কামাল হোসেন।
আওয়ামী লীগের একাধিক সূত্রমতে এই উপজেলায় আওয়ামী লীগ থেকে একক প্রার্থী দেয়ার ব্যাপারে বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক শুরু থেকেই কঠোর অবস্থান গ্রহণ করেন। তার এই অবস্থানের অংশ হিসাবে গত বৃহস্পতিবার ভবানীগঞ্জের আওয়ামী লীগ দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্সে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় একক প্রার্থী নির্ধারণের বিষয়টি সর্বসম্মতিক্রমে সমাধান হয়ে যায়। তৃণমূল নেতারা জানান- আগামী ২৩ মার্চের নির্বাচনে জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।