চরভদ্রাসনে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আওয়ামী লীগ
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২২:১৪
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচনে আ’লীগের অস্তিত রক্ষার লড়াই বলে মনে করছেন দলটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। দশম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে আ’লীগ প্রার্থী প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান (নিক্সন) চৌধুরী জয়লাভ করেন। জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই থানা আ’লীগ নেতৃবৃন্দ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ায় আ’লীগ সরকার গঠন করলেও নেতা-কর্মীরা নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। সূত্র জানায়, উপজেলা নির্বাচনে অ’লীগ প্রার্থী আলহাজ্ব মোঃ কাউসারের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন মুশা চেয়ারম্যান পদে নির্বাচন করায় ১৫ মার্চ এর নির্বাচন জয় নিয়েও একই আশংকা করছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।
জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি আ’লীগের হাতছাড়া হওয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করে দলের পরাজয়ের গ্লানি ঘুচাতে ব্যস্ত দলটির সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাচন প্রসঙ্গে থানা আ’লীগ সভাপতি আজিজুল হক মাস্টার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য স্থানীয় সমস্ত নেতা-কর্মীদের একযোগে কাজ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।