উপজেলা নির্বাচনের টুকরো খবর

হোমনায় আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ আসন্ন উপজেলা নির্বাচনে হোমনার প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত প্রশাসন, প্রার্থী , সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা এ প্রতিশ্রুতি দেন। ইউএনও এএসএম শাহেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এডিসি জেনারেল আঃ মতিন। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম। কোটালীপাড়ায় পরাজিত প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন বিজয়ী প্রার্থী কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা নির্বাচন শেষে দেশের বিভিন্ন স্থানে যখন নির্বাচন পরবর্তী সহিংসতা চলছে তখন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত প্রার্থী অ্যাডভোকেট নিখিল চন্দ্র দত্তকে মিষ্টি খাওয়ালেন জয়ী প্রার্থী মুজিবুর রহমান হাওলাদার। দুই প্রার্থী মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করলেন। কালীগঞ্জে জামায়াতের একক প্রার্থী কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ পঞ্চম দফা উপজেলা নির্বাচনে গাজীপুর জেলার কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে একমাত্র প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী থাকা সত্ত্বেও ১৯ দলের অন্যতম শরীক দল জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ইসলামীর জেলা ছাত্র বিষয়ক সম্পাদক মো. খাইরুল হাসান ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদে অন্য প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন স্বপন, বিএনপি নেতা কাজী মাহবুব হাসান সুবজ। চারঘাটে বিএনপির চেয়ারম্যান প্রার্থী গণসংযোগ রাজশাহী অফিস\ চারঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ চাঁদ হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পেয়েই সোমবার থেকে গণসংযোগে নেমেছেন তিনি। হাইকোর্টের আদেশে রবিবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ ীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপিসহ ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের মাঝে বিপুল উত্সাহ উদ্দীপনার সৃষ্টি হয়। চারঘাট সংবাদদাতা জানান, সোমবার আবু সাঈদ চাঁদ উপজেলার ইউসুফপুর, গোবিন্দপুর, মোক্তারপুর, সরদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের মোটরসাইকেল মার্কায় ভোট প্রার্থনা করেন। সেনবাগে আওয়ামী লীগের একক প্রার্থী সেনবাগ (নোয়াখালী) সংবাদাদাতা \ ১৫মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে অবশেষে নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শিল্পপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিককে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গত সোমবার দলীয় এক জরুরি সভা শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস ছোবহান গোলাপ স্বাক্ষরিত এ পত্রে লায়ন জাহাঙ্গীর আলম মানিককে একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। আদমদীঘিতে চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত আদমদীঘি (বগুড়া ) সংবাদদাতা \ দ্বিতীয় দফায় ২৭ শে ফেব্রুয়ারি বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইসলামী আন্দোলন সমর্থিত গফ্ফার হোসেন কাপ-পিরিচ মার্কায় ৮শ’ ৫৮ ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাচনে ৩ জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থীর কার্যালয় ভাংচুর অগ্নিসংযোগ কুমিল্ল¬া প্রতিনিধি \ কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের আওয়ামী লীগ দলীয় এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে একই দলের প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা। গতকাল মঙ্গলবার উপজেলা বাকশীমুল ইউপির ফকিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আখলাক হায়দারের ফকিরবাজারস্থ নির্বাচনী কার্যালয় ভাংচুর করে এতে আগুন জ্বালিয়ে দিয়ে তার কর্মীদের ধাওয়া করা হয়। প্রার্থী আখলাক হায়দার অভিযোগ করে জানান, ‘প্রতিপক্ষ প্রার্থী সাজ্জাদ হোসেনের কর্মীরা আমার নির্বাচনী কার্যালয় ভাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং আমার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’ আলফাডাঙ্গার দলীয় মনোনয়ন নেতাকর্মীদের প্রত্যাখ্যান আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনে মনোনয়ন নিয়ে তৃণমূল বৈঠকে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল বাশার বক্তব্য দিতে গিয়ে তোপের মুখে পড়েন। গতকাল মঙ্গলবার আলফাডাঙ্গা সালেহা একাডেমীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন দলীয় মনোনয়ন না পেয়ে তৃণমূল নেতাকর্মী মতামত গ্রহণের বৈঠকে বসেন। ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং থানা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকরা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেনের উপর অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন। আলোচনার শেষ প্রান্তে সভাপতি তার বক্তব্যে তিনি দলের যেহেতু যোগ্য নয়, সেহেতু তিনি দলীয় পদ থেকে পদত্যাগের হুমকি দেন। উল্লেখ্য গত ৩ মার্চ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ মৃণাল কান্তি দাশ এমপি এক স্বাক্ষরিত পত্রে উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য এম এম জালাল উদ্দিন আহম্মদকে মনোনয়ন দেয়ায় তৃণমূল নেতা কর্মীরা এ মনোনয়ন প্রত্যাখ্যান করেন। রূপগঞ্জে প্রার্থীদের লিফলেট বিতরণ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর থেকেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন। গতকাল মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম ফারুক খোকন, উপজেলা ছাত্রদল নেতা ভাইস চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন তাদের নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন চাইছেন। এছাড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার পক্ষেও তার কর্মীরা প্রচারণা চালাচ্ছেন। তেরখাদায় আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন বিশ্বাস তেরখাদা (খুলনা) সংবাদদাতা\ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু গত ৩ মার্চ দিনব্যাপী উপজেলার আদমপুর, বলর্দ্বনা, মাটিয়ারকুল, পশ্চিম কাটেঙ্গা, রামমাঝি, নাচুনিয়া এবং কোদলা এলাকার বিভিন্নস্থানে কর্মী সভায় যোগদান করেন। এ সময় তিনি ঐসব এলাকায় গণসংযোগ করেন। কর্মী সভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম বাদশা, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা সাব্বির আহমেদ লাবু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান । মুলাদীতে বিএনপি’র একক আওয়ামী লীগে একাধিক প্রার্থী বরিশাল অফিস\ মুলাদী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আঃ সাত্তার খান, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী তরিকুল হাসান খান মিঠু । বিএনপি’র একক প্রার্থী হলেও এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক রাঢ়ীকে নিয়ে বিপাকে রয়েছে শাসক দল। এ উপজেলার ১ লাখ ২৩ হাজার ৭২৩ জন ভোটার ৫২টি ভোট কেন্দে যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন তার জন্য প্রশাসন সক্রিয় ভূমিকায় রয়েছে। মদনে আওয়ামী লীগের একক প্রার্থী মদন (নেত্রকোনা) সংবাদদাতা\ আসন্ন উপজেলা নির্বাচনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে মদনে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করেছে। সোমবার উপজেলা পাবলিক হলরুমে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ৩ প্রার্থীর মধ্যে সাইদুর রহমানকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনীত করেছে। এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক এম,পি আশরাফ আলী খসরু, সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা পৌর মেয়র প্রশান্ত রায়, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম চেয়ারম্যান, জেলা যুবলীগ সভাপতি নজরুল ইসলাম ফকির ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধোবাউড়ায় আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী বহিষ্কার ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা\ ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ৫ প্রার্থী এবং তাদের ৪ জন সমর্থককে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। বহিষ্কৃতরা হলেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মজনু মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা কামাল হোসেন খান, মঞ্জুরুল হক রুবেল, জহিরুল হক তালুকদার মিলন। কমলগঞ্জে বিএনপি ও আ’লীগ প্রার্থীদের মরণপণ লড়াই কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা\ চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৩ মার্চ কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা নির্বাচন উপলক্ষে কমলগঞ্জে বিএনপি ও আ’লীগ প্যানেলের মরণপণ লড়াই শুরু হয়েছে। উভয় দলের পক্ষে দলীয় প্যানেল ঘোষণার পর থেকে প্রার্থীরা পুরোদমে গণসংযোগ, প্রচার-প্রচারণা শুরু করেছেন। কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব শামীম আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে সরোয়ার শোকরানা নান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি বিএনপি দলীয় প্যানেল হিসাবে মাঠ পর্যায়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত রয়েছেন। আওয়ামী লীগ দলীয় প্যানেলে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিদ্দেক আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী শিক্ষিকা বিলকিস বেগম জোর প্রচার-প্রচারণা শুরু করেছেন। জীবননগরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা\ জীবননগর উপজেলা নির্বাচনে বিএনপির একাংশ কর্তৃক সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা আরিফুজ্জামান আরিফ গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের নিকট ভোট প্রার্থনাসহ দোয়া কামনা করেন। গতকাল তিনি উপজেলার কালা, ধোপাখালী, মানিকপুর, রাজাপুর ও সিংনগর গ্রামে গণসংযোগ করেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আলী মিয়া, উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফা, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা জাহিদুল ইসলাম টিপু, মনির হোসেন, মিনাজ উদ্দিন, আলিহীম, আজমত আলী, আব্দুল হামিদ, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, সুমন, সরোয়ার হোসেন, আনার, জাহিদ, রোমেল প্রমুখ এসময় তার সঙ্গে ছিলেন। মান্দায় একাধিক বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংঘাতের আশংকা মান্দা-নওগাঁ সংবাদদাতা\ নওগাঁ মান্দা উপজেলায় নবগঠিত উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৫ মার্চ চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে দলীয় সমর্থনে টেলিফোন মার্কা নিয়ে নির্বাচন করছেন বিএনপির উপজেলা সভাপতি মোঃ মকলেছুর রহমান (মকে) তার প্রতিদ্বন্দ্বী হয়ে ঘোড়া মার্কা নিয়ে মাঠে নেমেছেন বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী। অপরদিকে আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল মার্কা নিয়ে লড়ছেন আওয়ামী লীগের সহ-সভাপতি ব্রহানী সুলতান (গামা) এবং তার বিরুদ্ধে দোয়াত-কলম মার্কা নিয়ে মাঠে নেমেছেন দল থেকে সমর্থন না পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স.ম জসিমুদ্দিন। ধামরাইয়ে আ’লীগের একক প্রার্থী ধামরাই (ঢাকা) সংবাদদাতা\ ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌর আ’লীগ নেতাদের ভোটের মাধ্যমে সোমবার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করতে সমর্থ হয়েছে ধামরাই উপজেলা আওয়ামী লীগ। শুরু থেকে প্রতিটি পদে একাধিক প্রার্থী থাকায় প্রার্থী চূড়ান্তকরণে জটিলতায় হাবুডুবু খাচ্ছিল ধামরাই উপজেলা আ’লীগ। অবশেষে ভোটাভোটির মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনা ও জটিলতার অবসান ঘটল। একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার নির্বাচিত হয়েছেন। কুলিয়ারচরে দুপক্ষের ব্যতিক্রমধর্মী উদ্যোগ কুলিয়ারচর (কিশোরগঞ্জ), সংবাদদাতা\ উপজেলা নির্বাচনে জনগণকে সচেতন করার লক্ষ্যে এবং সত্ ও যোগ্য ব্যক্তিকে ভোট প্রদানে উত্সাহিত করার জন্য কুলিয়ারচর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এক ব্যতিক্রম ধর্মী উদ্যোগে গ্রহণ করেছে। লিফলেটের মাধ্যমে কতিপয় পরামর্শমূলক বানী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরে প্রার্থীদের পথসভায় প্রচারপত্র বিলি করে আসছে। এতে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। দুর্নীতি, প্রতিরোধ কমীটির সভাপতি সৈয়দ হাবিবুর রহমান এ প্রতিনিধিকে জানান, গণতন্ত্রকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কলারোয়ায় ভোটের আগে ভোট কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা\ সাতক্ষীরা কলারোয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাইছায়ের জন্য অবশেষে ভোটের আয়োজন করতে বাধ্য হন আওয়ামী লীগ। তৃনমুলের নেতা কর্মীরা ভোটের আগে এই ভোটাভুটিতে ভোট প্রদান করেন। কলারোয়া পাবলিক ইনিষটিটিউট মিলনায়তনে পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী উপজেলা পরিষদ নির্বাচনের তিনিটি পদে একাধিক প্রর্থী মনোনয়ন জমা দেয়ায় বেকায়দায় পড়ে উপজেলা আওয়ামী লীগ। নির্বাচনে জয়ের জন্য গত এক সপ্তাহ ধরে জেলা কমিটি তাদের নির্দেশ দিলেও কেউ কাউকে ছাড়তে নারাজ। পরিস্থিতি উত্তরনে সোমবার মনোনয়ন জমাদান কারীদের নিয়ে সমঝোতায় বসেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কিন্তু প্রার্থী যাচাইয়ে ভিন্ন অভিযোগ উঠায় একক প্রার্থী বাছাইয়ের জন্য এ ভোটা ভুটির ব্যবস্থা গ্রহন করতে হয়। প্রার্থী বাছাই এ ভোটে ৩০৬ জন তৃনমূলের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপন ২৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম লাল্টু ১৮৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান ও ১১ নং দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগরে সহ সভাপতি সেলিনা আনোয়ার ময়না ২৬৪ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেয়ে প্রার্থী নির্বচিত হন। দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিমুখী লড়াই দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দামুড়হুদায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের তত্পরতা তত বেড়ে যাচ্ছে। এবার উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের একক প্রার্থী হওয়ায় উপজেলায় ত্রিমুখী ভোট যুদ্ধ হবে বলে ভোটাররা জানিয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার সাংবাদিকদের জানায়, ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৯৫ হাজার। ৭৭টি নির্বাচনী কেন্দে আগামী ১৫ই মার্চ ২০১৪ তারিখ দামুড়হুদা উপজেলার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কালিয়াকৈরে বিএনপির একক প্রার্থী কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সোমবার দলীয় প্রার্থী বাছাই করেছে বলে জানা গেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। একাধীক প্রার্থী থাকায় তৃনমুল পর্যায়ে ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা দলীয় কার্যালয়ে সোমবার সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সভাপতি কাজী ছাইয়েদুল আলম বাবুল, রেজভী আহম্মেদ দুলাল,আ ন ম ইব্রাহিম খলিল,আব্দুস ছালাম,মহসিনুজ্জামানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।