বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। যশোরে মোটর গ্যারেজে আগুন যশোরের মনিহার এলাকার একটি মোটর গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে গ্যারেজে থাকা ১টি বাসসহ ৫টি গাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অর্ধ কোটি টাকা। মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজ মালিক মামুনের দাবি, আগের রাতে তার কাছে ১ লাখ টাকা চাঁদা চায় স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ। সেই চাঁদা না দেয়ায় পরিকল্পিভাবে তার গ্যারেজে আগুন দেয়া হয়েছে। এর ফলে তিনি হয়েছেন সর্বস্বান্ত। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে আগুন নেভাতে ছুটে আসে। কোতয়ালি থানার ওসি এমদাদুল হক জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। পটিয়ায় যুবলীগ নেতার খামারে অগ্নিসংযোগ চট্টগ্রামের পটিয়া রশিদাবাদ গ্রামে যুবলীগ নেতার মুরগীর খামারে গত ৪ মার্চ ভোররাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে মুরগীর খামার পুড়িয়ে দেয়। এতে ৪ হাজার মুরগি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। জানা যায়, পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনের মুগীর খামারটি মুখোশধারী দুর্বৃত্তরা ভোররাত সাড়ে চারটার দিকে গান পাউটার ও পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। এ ব্যাপারে খামার মালিক আলাউদ্দিন পটিয়া থানায় অজ্ঞাতনামা ৮/১০ ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জয়নগর গ্রামে গত মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোকছেদ খোনকারের বসতঘর ভস্মীভূত হয়েছে। রাত ১২টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে তার বসত ঘরের নগদ টাকা, ভিসা-পাসপোর্টসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে আলহামদুলিল্লাহ স্পিনিং মিলে গত মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে ১ কোটি টাকার তুলা পুড়ে গেছে বলে মিল কর্তৃপক্ষ দাবি করছে। কর্মরত শ্রমিকরা জানায়, সন্ধ্যার কিছু পূর্বে ফ্যাক্টরীর তুলার গুদামে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে হঠাত্ করে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন গোডাউনের সর্বত্র ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে মাওনা ফায়ার ব্রিগেড ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে শ্রীপুর থানা পুলিশ জানায়। রামুতে আগুনে পুড়ে গেছে ৫ বসতবাড়ি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে কাদমরপাড়ায় গত মঙ্গলবার সকাল ১০টায় অগ্নিকাণ্ডে ৫টি বসতবাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা হলেন স্থানীয় মৃত আবু বক্করের ছেলে মৌলভী আবুল হাই ও তার ভাই আবুল কালাম, ছৈয়দ আকবরের ছেলে নূরুল আবছার ও তার ভাই আনু মিয়া, নূরুল ইসলামের ছেলে মো. রুমেল। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার সময় নূরুল আবছারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ঘরসহ আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।