মাগুরায় সমাজসেবা কর্মকর্তার কারাদণ্ড
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২১:৪০
মঙ্গলবার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ ইমতাজুল ইসলাম আদালতের নির্দেশ অম্যান্যের দায়ে সমাজসেবা কর্মকর্তা শেখ সুজাউদ্দিন রাশেদকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। জানাগেছে, মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামের অর্জুন দাস নামে একব্যক্তি একই এলাকার অমল কুমার মুখার্জিসহ ৬ জনের বিরুদ্ধে ভাংচুরের সিআর মামলা করেন। তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সুজাউদ্দিন রাশেদকে আদালত ০২/১২/১২ ইং তারিখে নির্দেশ দেন। কিন্তু সমাজসেবা কর্মকর্তা দীর্ঘদিনেও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল না করায় আদালত তাকে কারণ দর্শানোর নির্দেশ দেন। কিন্তু তিনি তার কোন জবাব না দেয়ায় আদালত ৩ মার্চ তাকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন। মঙ্গলবার সমাজসেবা কর্মকর্তা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।