দলীয় কোন্দলে বেলাবো আওয়ামী লীগের পরাজয়

নরসিংদীর বেলাব উপজেলা নির্বাচনে দলীয় নেতাদের বিশ্বাসঘাতকতার কারণেই পরাজিত হয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী সমশের জামান ভুঁইয়া রিটন। রবিবার সন্ধ্যায় বেলাব বাজারে এক সংবাদ সম্মেলনে বিশ্বাসঘাতকদের বহিষ্কারেরও দাবি জানান তিনি। লিখিত বক্তব্যে সমশের জামান ভুঁইয়া রিটন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তে, জেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূলের ভোটে আমি দলীয় প্রার্থী নির্বাচিত হই। কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোছলেহ উদ্দিন খান সেন্টুসহ বেশ কয়েকজন নেতৃস্থানীয় নেতা নাটকীয়ভাবে বিজয়ী প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা হতাশ হয়ে পড়েন এবং দলীয় প্রার্থীর পরাজয় হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, রফিক মাঝি ও প্রচার সম্পাদক রাজু আহম্মেদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আহসান হাবীব বিপ্লবের নিকট পরাজিত হয়েছেন বেলাব উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী সমশের জামান ভুঁইয়া রিটন।