রাজবাড়ীতে ৩৫ জনের বিরুদ্ধে সহিংসতার মামলা

রাজবাড়ী জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি বাজারের স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি’র নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে ঘটনায় গত সোমবার সকালে বিএনপি, জামায়াত ও শিবিরের ৩৫ জন নেতা-কর্মী ও সমর্থকের নাম উল্লেখ করে এবং ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন, জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্মাণ শ্রমিক আয়নাল আলী মন্ডল। রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচন গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের দু’দিন পর সকাল ১০টার দিকে খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি বাজারের একটি চা’দোকানে বিএনপি সমর্থক কামাল সেখ ও আওয়ামী লীগ সমর্থক নুরুল হক আসে। সে সময় নির্বাচনে জয়-পরাজয় নিয়ে নুরুল হক ও কামাল সেখের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল হক লাঠি দিয়ে কামালকে বেধড়ক মারপিট করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় দলের সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে বাজার এলাকায় জড়ো হয় এবং উভয় দলের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাছির জানান, ওই সংঘর্ষের ঘটনার পর আহত আওয়ামী লীগ নেতা আয়নাল আলী মন্ডল বাদি হয়ে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জহু প্রামানিক, জামায়াত নেতা মোছা কাজী ও শিবির নেতা লিখন কাজীসহ বিএনপি, জামায়াত ও শিবিরের ৩৫ জন নেতা-কর্মী ও সমর্থকের নাম উল্লেখ করে এবং ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে থানায় একটি মারামারি মামলা দায়ের করেছে। রাজবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই ওয়াদুদ আলম বলেন, মামলাটির তদন্ত ইতোমধ্যেই শুরু করা হয়েছে। একই সাথে আসামিদের গ্রেপ্তার করার চেষ্টাও চলছে।